পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় কোনো ভুল থাকলে বা নাম বাদ গিয়ে থাকলে, তা সংশোধনের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ জানুয়ারি এই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, কমিশনের নতুন নির্দেশিকায় আরও ৪ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন আগামী ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত নাগরিকরা তাঁদের আপত্তি বা আবেদন জমা দিতে পারবেন।
কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিতেও এই সময়সীমা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত ড্রাফ্ট ভোটার লিস্ট থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় জনমানসে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কমিশন স্পষ্ট করেছে যে, খসড়া তালিকাটি চূড়ান্ত নয়। ভুল সংশোধন এবং উপযুক্ত প্রমাণ দাখিলের জন্য নাগরিকদের এক মাস সময় দেওয়া হয়েছিল, যা এখন ১৯ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, SIR হিয়ারিং নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কমিশন। শুনানির সময় বয়সের প্রমাণ হিসেবে অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু কমিশন সাফ জানিয়ে দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিংয়ের নথি হিসেবে গণ্য করা হবে না। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, সাধারণ মানুষকে হেনস্থা করতেই বিজেপির নির্দেশে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।





