‘SIR-এর উদ্দেশ্য ভালো, তবে সময় নিয়ে প্রশ্ন আছে’- মত প্রাক্তন নির্বাচন কমিশনারদের

বিহারে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) কার্যক্রম নিয়ে বিতর্ক চলছে। এর মাঝেই এই বিষয়ে নিজেদের মতামত জানালেন ভারতের তিন প্রাক্তন নির্বাচন কমিশনার। তাঁরা SIR-কে সমর্থন করলেও বিহারে এর সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ ২০২৫-এর মঞ্চে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি ও ওপি রাওয়াত এবং নির্বাচন কমিশনার অশোক লাভাসা এই বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
SIR নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
প্রাক্তন নির্বাচন কমিশনারদের মতে, ভোটার তালিকার স্বচ্ছতা আনার জন্য SIR-এর মতো বিস্তারিত সমীক্ষা অত্যন্ত অর্থবহ। তবে তাঁরা এর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, নির্বাচনের ঠিক আগে এবং যখন বিহারের বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে, তখন এই ধরনের সমীক্ষা শুরু করা উচিত নয়।
ওপি রাওয়াত মনে করেন, বন্যা ও বর্ষার এই সময়ে গরিব মানুষদের কাছে আধার কার্ডের মতো নথি জোগাড় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “গরিব মানুষরা আগে জীবন বাঁচাবে, না অফিস থেকে অফিস ঘুরে ঘুরে নথি জোগাড় করবে?”
ভোটার তালিকা নিয়ে উদ্বেগ
প্রাক্তন নির্বাচন কমিশনাররা স্বীকার করেছেন যে ভোটার তালিকা কখনোই শতভাগ নির্ভুল হয় না। তবে তাঁদের মতে, এই ছোটখাটো ভুলকে দুর্নীতির সমান বলা চলে না। অশোক লাভাসা বলেন, “ভুল থাকবেই। তবে দেখতে হবে সেই ভুলগুলি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত।”
এস ওয়াই কুরেশি পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার সমস্যাটি তুলে ধরেন। তিনি বলেন, “ডুপলিকেট ভোটার বরাবরের সমস্যা। কিন্তু এর জন্য বিপুল সংখ্যক দরিদ্র মানুষকে সমস্যার মুখে ঠেলে দেওয়া যায় না। অধিকাংশ পরিযায়ী শ্রমিকের পক্ষে বারবার নাম কাটানো এবং যোগ করানো সম্ভব হয় না।”
প্রাক্তন নির্বাচন কমিশনাররা এই বলে আশ্বস্ত করেছেন যে, রাজনৈতিক দলগুলোর ‘ভোট চুরি’র অভিযোগ সত্ত্বেও ভারতের নির্বাচন ব্যবস্থা বিশ্বমানের এবং এটি বিশ্বের অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে প্রশংসিত হয়।