IPL-এ ঝড় তোলা KKR-এর প্রাক্তন তারকা সাসপেন্ড, নিষিদ্ধ করল আইসিসি

ক্রিকেট মাঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল আইসিসি (ICC)। এবার ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অপরাধে এক প্রাক্তন আইপিএল (IPL) তারকা এবং দুই শীর্ষ কর্তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অভিযোগের আঙুল উঠেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেভন সার্লেস (Javon Searles), ট্রেভন গ্রিফিথ এবং ফ্র্যাঞ্চাইজি মালিক চিত্রঞ্জন রাঠোরের দিকে।

ঘটনাটি ঠিক কী? ২০২৩-২৪ মরশুমে বার্বাডোসে আয়োজিত হয়েছিল BIM10 লিগ। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (CWI) যৌথ তদন্তে উঠে এসেছে যে, ওই টুর্নামেন্টে ‘টাইটান্স’ দলের মালিক চিত্রঞ্জন রাঠোর ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। ক্রিকেটার জেভন সার্লেস ও ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কেবল গড়াপেটায় লিপ্ত হননি, বরং অন্য ক্রিকেটারদেরও এই কালো পথে পা বাড়াতে উস্কানি দিয়েছিলেন।

কে এই জেভন সার্লেস? কেকেআর ভক্তদের কাছে সার্লেস অতি পরিচিত মুখ। ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। কেকেআর জার্সিতে ৪টি ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া সিপিএলে (CPL) দীর্ঘ সময় শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

আইনত বড় কোপে ৩ অভিযুক্ত: আইসিসি জানিয়েছে, সার্লেসের বিরুদ্ধে চারটি এবং গ্রিফিথের বিরুদ্ধেও একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে অসহযোগিতা এবং দুর্নীতির প্রস্তাব গোপন করার মতো অপরাধের দায়ে তাঁদের ১৪ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের দীর্ঘমেয়াদী বা আজীবন নির্বাসনের সাজা হতে পারে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক কর্তা জানান, “খেলার সততা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। ক্যারিবিয়ান ক্রিকেটের ভাবমূর্তি যারা নষ্ট করবে, তাদের জন্য কোনো জায়গা নেই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy