IC-কে গালাগালের অভিযোগ, অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেলেন অনুব্রত

এক বছর আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছিল। সম্প্রতি বোলপুর থানার আইসি-কে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনায় এবার জামিন পেলেন বীরভূমের এই নেতা।

সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন এবং আদালত তার জামিন মঞ্জুর করে। অনুব্রতর আইনজীবী জানান, তার মক্কেলের অসুস্থতা এবং বয়সের কথা বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। জামিনের ক্ষেত্রে আদালত কোনো বিশেষ শর্ত দেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনা যায়, একজন ব্যক্তি ফোনের অপর প্রান্তে থাকা বোলপুর থানার আইসি লিটন হালদারকে তার মা-বউ তুলে নক্কারজনক ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ ওঠে যে ওই কণ্ঠটি অনুব্রত মণ্ডলের। এই ঘটনায় রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়। এই ঘটনার জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছিলেন অনুব্রত। যদিও তার অনুগামীদের দাবি ছিল, এই অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো হয়েছে।

বোলপুর থানার আইসি-র অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে দুইবার সমন পাঠালেও তিনি তাতে সাড়া দেননি। পরে বোলপুরের এসডিপিও অফিসে তিনি হাজিরা দেন। অবশেষে এই ঘটনায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।