GDP-তে বড় সাফল্য, ৮.২% বৃদ্ধি! ‘মোদীজির দূরদর্শী নেতৃত্বের ফসল’, X-বার্তায় দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল সাফল্যের দাবি করল কেন্দ্রীয় সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের অভ্যন্তরীণ মোট উৎপাদন বা GDP বৃদ্ধির হার ৮.২ শতাংশে পৌঁছেছে, যা বাজার প্রত্যাশার থেকেও বেশি বলে জানানো হয়েছে। এই সাফল্যকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দূরদর্শী নেতৃত্ব ও সুচিন্তিত অর্থনৈতিক নীতির দৃঢ় সাফল্য’ বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুকান্ত মজুমদার।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (পূর্বে ট্যুইটার) একটি বার্তা পোস্ট করে তিনি এই অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। মন্ত্রী লেখেন, “এই উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিটি ভারতবাসীর কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনন, অটল স্থিতিশীলতা এবং উদ্যোগী মানসিকতার এক উজ্জ্বল প্রতিফলন। নাগরিকদের এই সম্মিলিত শক্তিই আজ ভারতের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করছে।”

ডঃ মজুমদার আরও আশা প্রকাশ করেন যে, বিশ্বের দ্রুততম বিকাশমান বৃহৎ অর্থনীতির অন্যতম হিসেবে ভারতবর্ষ আগামী দিনে নতুন উচ্চতা স্পর্শ করবে। তাঁর কথায়, এই অগ্রগতি “অগণিত সম্ভাবনার দুয়ার খুলবে এবং উন্নয়নের ইতিহাসে আরও এক দীপ্ত অধ্যায় সংযোজন করবে।” কেন্দ্রীয় মন্ত্রীর এই বার্তা মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক নীতির প্রতি আস্থা প্রকাশ করে এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাকে সম্মান জানায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy