বিশ্বজুড়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনার আবহেই দেশের মুদ্রানীতি ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বুধবার তিন দিনের মানিটারি পলিসি কমিটির (MPC) হাই-ভোল্টেজ বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন গভর্নর সঞ্জয় মালহোত্রা।
রেপো রেটে কোনো বদল নয়: এদিন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে এবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, আগের মতোই রেপো রেট ৫.২৫ শতাংশেই স্থির থাকছে। মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি বাড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তাকে নিয়ন্ত্রণে রাখতেই এই সতর্ক পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের।
লোনের EMI-তে কী প্রভাব পড়বে? সাধারণ মানুষের মনে এখন সবথেকে বড় প্রশ্ন— গাড়ি বা বাড়ির লোনের কিস্তি (EMI) কি কমবে? বিশেষজ্ঞ মহলের মতে, রেপো রেট যেহেতু বাড়ানো হয়নি, তাই আপাতত ঋণের বোঝা বা EMI বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে রেপো রেট কমানোও হয়নি, তাই এখনই ব্যাঙ্ক লোন সস্তা হওয়ার আশা কম। কিস্তি একই থাকার সম্ভাবনা বেশি, যা মধ্যবিত্তের জন্য একপ্রকার ‘স্থিতাবস্থা’ বজায় রাখল।
রেপো রেট কী? সহজ ভাষায় বলতে গেলে, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকেই বলা হয় রেপো রেট। ব্যাঙ্কগুলো এই হারের ওপর ভিত্তি করেই সাধারণ গ্রাহকদের লোনের সুদের হার ঠিক করে।





