DU Admission 2026: CUET স্কোর থাকলেই হবে না! দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন নিয়ম জানুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ে (DU) ২০২৬ সালের স্নাতক স্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবছরও ভর্তির মূল ভিত্তি হলো CUET UG ২০২৬-এর স্কোর। তবে ভালো নম্বর থাকলেই চলবে না, ভর্তির জন্য বিশেষ শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, যে বিষয়ে স্নাতক করতে ইচ্ছুক, সেই বিষয়টি দ্বাদশ শ্রেণিতে পড়া এবং উত্তীর্ণ হওয়া আবশ্যক। ভর্তি প্রক্রিয়াটি CSAS পোর্টালে তিনটি ধাপে সম্পন্ন হবে।

প্রথম ধাপে CSAS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় ধাপে CUET-এর বিষয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণির বিষয়ের মিল (Mapping) যাচাই করে কলেজ ও কোর্সের অগ্রাধিকার নির্বাচন করতে হবে। তৃতীয় ধাপে মেধাতালিকা ও পছন্দের ভিত্তিতে সিট বরাদ্দ করা হবে। ডিইউ-তে প্রায় ৭২ হাজার নিয়মিত সিট ছাড়াও স্পোর্টস এবং ECA কোটার আওতায় অতিরিক্ত ১৩ হাজার আসন রয়েছে।

আবেদন ফি বাবদ সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ২৫০ টাকা এবং এসসি, এসটি ও PwBD প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। বিশেষ কোর্সের ক্ষেত্রে অতিরিক্ত ৪৫০ টাকা এবং কোটাভুক্ত আবেদনের জন্য প্রতি কোটায় ১০০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। CUET UG আবেদন নম্বর ব্যবহার করেই পোর্টালে লগ-ইন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ ১ আগস্ট ২০২৬ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।