ভারতের কড়া বার্তার পরও পাকিস্তানে সুরক্ষিত জঙ্গিরা? শোয়েব আখতারের অনুষ্ঠানেই জঙ্গি বৈঠক

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের বড় ভাই শাহিদ আখতারের মৃত্যু পরবর্তী অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ২৪ জুন শাহিদের মৃত্যুর পর ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে আয়োজিত জানাজায় লস্কর-ই-তৈবার বহু কুখ্যাত জঙ্গির উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে লস্করের ডেপুটি চিফ এবং জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার মূলচক্রী সইফুল্লাহ কাসুরির উপস্থিতি প্রমাণ করল, পাকিস্তান আজও সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়েব আখতারের পাশেই দাঁড়িয়ে নামাজ পড়ছে লস্কর জঙ্গিরা। ভিডিওটি নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার শাখা ‘পাকিস্তান মারকজি মুসলিম লিগ’ (পিএমএমএল)-এর মাধ্যমে প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের পুত্র তালহা সইদ-ও। উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকেই কাসুরি ভারতের বিরুদ্ধে ক্রমাগত প্ররোচনামূলক বক্তব্য দিয়ে আসছে।
এই ঘটনা আবারও পাকিস্তান সরকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এপ্রিল মাসেই তালহা সইদকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সহযোগীর সঙ্গে প্রকাশ্যে মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছিল। রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গিদের এমন প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়ার ঘটনা প্রমাণ করে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে থাকা জঙ্গিদের আড়াল করতে কতটা মরিয়া। ভারতের কড়া সামরিক জবাব ও জল সন্ধি বাতিলের পরও ইসলামাবাদের এমন আচরণ বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।