CBSE বোর্ডের নিয়মে বড় বদল! ৭৫% হাজিরা বাধ্যতামূলক, না হলে পরীক্ষায় বসা যাবে না

আগামী বছর থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীদের স্কুলে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দিষ্ট হাজিরা না থাকলে কোনও শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে বোর্ড।

সিবিএসসি বোর্ড গত ১৫ সেপ্টেম্বর এই নতুন নিয়মটি জারি করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর সকল পরীক্ষার্থীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। এই উপস্থিতি শুধুমাত্র পরীক্ষার যোগ্যতার জন্যই নয়, এর প্রভাব সরাসরি অভ্যন্তরীণ মূল্যায়নের (Internal Assessment) নম্বরের উপরেও পড়বে।

অভ্যন্তরীণ মূল্যায়ন কোনো একদিনের পরীক্ষা নয়, বরং দুই বছরের শিক্ষাজীবন ও ক্লাসের কার্যকলাপের ওপর ভিত্তি করে এই নম্বর দেওয়া হয়। তাই এখন থেকে শুধু ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকা এবং ক্লাসের কার্যকলাপে অংশগ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন নিয়ম অনুযায়ী, দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ৫টি বাধ্যতামূলক বিষয়ের পাশাপাশি আরও ২টি অতিরিক্ত বিষয় নিতে পারবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ১টি অতিরিক্ত বিষয় নিতে পারবে।

যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চায়, তাহলে তারা ‘প্রাইভেট পরীক্ষার্থী’ হিসেবে সেই সুযোগ পাবে। তবে, এই ক্ষেত্রেও একটি শর্ত রয়েছে: যাদের উপস্থিতির হার ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর সন্তোষজনক নয়, তারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবে না। তাই, শিক্ষার্থীদের এখন থেকে স্কুলের উপস্থিতির বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।