‘CBI রিপোর্ট করে তাদেরই, যারা পেপার লিক করায়!’ নিট বাতিলের পর মোদী সরকারকে তুলোধোনা আপ প্রধানের

নিট (NEET UG 2026) পরীক্ষা বাতিলের জেরে উত্তাল গোটা দেশ। এই আবহে বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকার ও সিবিআই-কে (CBI) নজিরবিহীন আক্রমণে বিদ্ধ করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, ২০১৪ সাল থেকে দেশে মোট ৯৩ বার পেপার লিক হয়েছে এবং এর অধিকাংশ ঘটনাই ঘটেছে রাজস্থান, উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে।

কেজরিওয়াল সরাসরি অভিযোগ করেন, “তদন্তভার সিবিআই-কে দেওয়া আসলে প্রহসন। কারণ সিবিআই সেই ব্যক্তিদেরই রিপোর্ট করে, যারা এই পেপার লিকের মূল ষড়যন্ত্রকারী।” তিনি বলেন, পেপার লিক হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সিস্টেমের ভেতরে বসে থাকা প্রভাবশালীরা এর সাথে জড়িত। এই কেলেঙ্কারির ফলে দেশের প্রায় ৬ কোটি মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।

Gen-Z বা আজকের প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, “যদি নেপাল ও বাংলাদেশের তরুণ প্রজন্ম সরকার পরিবর্তন করে নিজেদের দাবি আদায় করতে পারে, তবে ভারতের যুবকরা কেন পারবে না? শুধু সোশ্যাল মিডিয়ায় রাগ না দেখিয়ে রাজপথে নামতে হবে।” উল্লেখ্য, এনটিএ (NTA) ইতিমধ্যেই পরীক্ষা বাতিল করেছে এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে। পুনরায় পরীক্ষার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy