বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি সঙ্কটের মেঘ কাটাতে মোদী সরকারের বড় কূটনৈতিক জয়! ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল তেহরান। এখন থেকে ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলি কোনো বাধা ছাড়াই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দূরদর্শী কূটনীতিতেই এই বরফ গলেছে বলে মনে করা হচ্ছে।
বৈঠকের নির্যাস: সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন এস জয়শঙ্কর। সেখানে মূল আলোচনার বিষয়বস্তু ছিল সামুদ্রিক পথে নিরবচ্ছিন্ন তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে যখন আমেরিকা, ইউরোপ বা ইজরায়েলের জাহাজগুলি এই পথে চরম বিধিনিষেধের মুখে পড়ছে, তখন ভারতকে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করল ইরান।
কেন এই রুট ভারতের জন্য গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান ‘শিপিং চেকপয়েন্ট’। ভারতের আমদানিকৃত অপরিশোধিত তেলের সিংহভাগ এই পথ দিয়েই আসে। যুদ্ধের আবহে এই পথ অবরুদ্ধ হওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এই সংকট কাটাতে জয়শঙ্কর কেবল ইরান নয়, রাশিয়া ও ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গেও লাগাতার যোগাযোগ রেখে চলছিলেন।
স্বস্তিতে আমজনতা: বিশেষজ্ঞদের মতে, এই সামুদ্রিক পথটি ভারতের জন্য খুলে যাওয়ায় দেশে অপরিশোধিত তেলের যোগান স্বাভাবিক হবে। এর ফলে জ্বালানি তেলের ঘাটতি মেটার পাশাপাশি দাম কমার সম্ভাবনাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম আকাশছোঁয়া, তখন ভারতের এই বিশেষ সুবিধা বিশ্ব অর্থনীতিতেও নয়া সমীকরণ তৈরি করতে পারে।