৭ কোটির কেলেঙ্কারি! আরামবাগে ফিরতেই ডিম-কাদা দিয়ে ‘বরণ’ প্রাক্তন পুরপ্রধানকে

‘গ্রিন সিটি মিশন’-এর নামে প্রায় সাড়ে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হওয়ার পর রবিবার আরামবাগে ফিরলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপনকুমার নন্দী। আর নিজের এলাকায় ফিরতেই তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ ও জনরোষের সাক্ষী থাকল শহর। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও ডিম, কাদা ও কালো কালি ছুড়ে তাঁকে ‘বরণ’ করলেন উত্তেজিত জনতা।
কী ঘটেছিল রবিবার? কেরলে আত্মগোপন করে থাকা স্বপনকুমার নন্দীকে আজ দুপুরে পুলিশের একটি বিশেষ দল কলকাতা বিমানবন্দর হয়ে আরামবাগে নিয়ে আসে। তিনি এলাকায় পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গৌরীহাটি মোড়ের কাছে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে গাড়ির ওপর ডিম ও কাদা ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে, অভিযুক্তকে রক্ষা করতে পুলিশকে রীতিমতো দৌড়ে থানায় নিয়ে যেতে হয়। বিশৃঙ্খলার জেরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও কাজ করতে বাধার মুখে পড়তে হয়।
দুর্নীতির অভিযোগ ও প্রেক্ষাপট ২০১৭ সালে আরামবাগ পুরসভায় ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্প চালু হয়। এই প্রকল্পের আওতায় রাস্তার আলো, জল সরবরাহ ব্যবস্থা এবং স্কুলগুলিতে সোলার প্যানেল বসানোর জন্য মোট ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, সেই প্রকল্পের নাম করেই সোলার প্যানেল বাবদ ৭ কোটি ২৪ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর এই মামলায় প্রাক্তন পুরপ্রধানের নাম জড়িয়ে যাওয়ায় তিনি আত্মগোপনে চলে যান।
রাজনৈতিক চাপানউতোর এই বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপি নেতা অরবিন্দ সমাজ তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “আরামবাগের এই মহান নেতা নিজেকে সাধু সাজিয়ে কোটি কোটি টাকা তছরুপ করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ তিনি ধরা পড়েছেন। তাই আজ তাঁকে ডিম-কাদা দিয়ে ‘জামাই আদর’ করা হয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশের কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে থানায়। তৃণমূলের এই শীর্ষ নেতার গ্রেফতারি এবং এই চরম অপমান রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিল।