৭৫ বছর বয়সেও কীভাবে এত ফিট? নরেন্দ্র মোদির ফিটনেস ও খাদ্যাভ্যাসের রহস্য ফাঁস

সম্প্রতি ৭৫ বছর বয়সে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক জীবনে তাঁর সাফল্যের পাশাপাশি, তাঁর অসাধারণ ফিটনেস এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনও মানুষকে অনুপ্রাণিত করে। পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ফিটনেসের গোপন রহস্য ফাঁস করেছেন, যা মূলত তার খাদ্যাভ্যাস ও উপবাসের রুটিনের ওপর নির্ভরশীল।

মোদি জানান, উপবাস তাঁকে কখনোই দুর্বল করে না, বরং তিনি স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে পারেন। তিনি হিন্দু ধর্মীয় প্রথা ‘চাতুর্মাস’-এর সময়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত, দিনে মাত্র একবার খাবার খান। এছাড়া শারদীয়া নবরাত্রিতে তিনি সম্পূর্ণ নিরামিষ উপবাসে থাকেন এবং শুধু গরম জল পান করেন, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। তার মতে, উপবাস শুধু ভক্তি বা ধর্মীয় রীতি নয়, এটি দেহ ও মনের পরিশুদ্ধি এবং আত্মশৃঙ্খলার একটি পথ।

মোদি তার প্রিয় খাবার হিসেবে ‘মোরিঙ্গা পরোটা’-র কথা উল্লেখ করেছেন। এই খাবার অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর, যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

এছাড়াও তার খাদ্যাভ্যাসে নিয়মিত থাকে আয়ুর্বেদিক উপাদান যেমন নিমপাতা, নিমফুল এবং মিছরি। তিনি ‘খিচুড়ি’ খেতেও খুব ভালোবাসেন। ডাল, চাল, হলুদ আর ঘি দিয়ে তৈরি এই সহজ খাবারটি পুষ্টিকর এবং হজমশক্তির জন্য খুবই উপকারী। হালকা নাশতায় তার পছন্দ হলো ‘ঢোকলা’, যা বেসন দিয়ে তৈরি এবং বাষ্পে রান্না হওয়ার কারণে সহজে হজম হয়। ঢোকলায় থাকা আয়রন, ম্যাগনেশিয়াম ও ভিটামিন শরীরের শক্তি যোগায় এবং কম গ্লাইসেমিক সূচকের কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

নরেন্দ্র মোদির ফিটনেসের রহস্য আসলে তার সুষম খাদ্যাভ্যাস, আয়ুর্বেদিক শৃঙ্খলা এবং উপবাসের মধ্যে লুকিয়ে আছে, যা ৭৫ বছর বয়সেও তাকে কর্মঠ ও প্রাণবন্ত রেখেছে।