কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, ৫০০ টাকা জমা দিয়েই ৫ কোটি তুলে নিলেন মিষ্টির দোকানের মালিক!

উত্তরপ্রদেশের হাথরাসে একটি চাঞ্চল্যকর ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। মাত্র ৫০০ টাকা জমা দিয়ে এক যুবক ব্যাঙ্ক থেকে প্রায় ৫ কোটি টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আকাশ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

২৩ বছর বয়সী আকাশ তার বাবার মৃত্যুর পর ‘মা চামুণ্ডা সুইট অ্যান্ড নমকিন’ নামে একটি ছোট মিষ্টির দোকান চালাতেন। তবে সম্প্রতি তার জীবনযাত্রায় হঠাৎ পরিবর্তন আসে। তিনি আড়াই লক্ষ টাকার একটি ইয়ামাহা আর-১৫ (Yamaha R15) মোটরবাইক কেনেন, একটি থার এসইউভি বুক করেন এবং সাড়ে তিন লক্ষ টাকার সোনার গয়নাও কেনেন। তার এই অপ্রত্যাশিত বিলাসবহুল জীবনযাত্রা প্রতিবেশীদের মধ্যে সন্দেহ তৈরি করে, এবং তারা পুলিশকে খবর দেয়।

হাথরাস পুলিশ একটি স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, মে ২০২৫-এ আকাশ একটি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কে মাত্র ৫০০ টাকা জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলেন। সেখান থেকেই তিনি প্রথমে ৫ হাজার টাকার ওভারড্রাফট নেন। ধীরে ধীরে অল্প অল্প টাকা জমা দিয়ে তিনি ওভারড্রাফটের সীমা বাড়িয়ে নেন এবং একসময় একসঙ্গে ৫০ লক্ষ টাকা পর্যন্ত তুলে নেন। এইভাবে মোট ৯ বার লেনদেন করে তিনি ৫ কোটি টাকা তুলে নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আকাশ প্রায় সাড়ে ৩ কোটি টাকা অনলাইন স্টক মার্কেট অ্যাপে বিনিয়োগ করেছেন। বাকি টাকা তিনি বিলাসবহুল গাড়ি ও সোনা কেনার কাজে ব্যবহার করেছেন। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতির পেছনে শুধুমাত্র আকাশ জড়িত নাকি আরও কোনো বড় চক্র এর সঙ্গে যুক্ত আছে। এই ঘটনায় তিনজন ব্যাঙ্ককর্মীও পুলিশের নজরে রয়েছেন এবং তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।