৭১ বছর বয়সী মার্কিন প্রবাসীর প্রেম কাহিনিতে ভয়ংকর মোড়! বিয়ে করতে এসে খুন, নেপথ্যে লোমহর্ষক আর্থিক ষড়যন্ত্র

বিয়ে করার প্রতিশ্রুতি পেয়ে আমেরিকায় নিজের বাড়ি ছেড়ে ভারতে এসেছিলেন ৭১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা। কিন্তু তার এই স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। আর্থিক কারণে তাকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পাঞ্জাবসহ আন্তর্জাতিক মহলে। নিহত ওই মহিলার নাম রুপিন্দর কউর পান্ধার, যিনি আমেরিকার সিয়াটেলে থাকতেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইংল্যান্ডে বসবাসকারী চরণজিৎ সিং গ্রেওয়াল নামে এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করার জন্য গত জুলাই মাসে ভারতে আসেন রুপিন্দর। কিন্তু ভারতে আসার পর থেকে তার ফোন সুইচড অফ থাকায় রুপিন্দরের বোন আমেরিকার দিল্লি দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাসের অনুরোধে তদন্ত শুরু করে পাঞ্জাব পুলিশ।
পুলিশি তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। বিয়ের নাম করে রুপিন্দরকে ভারতে ডেকে খুনের ছক কষেছিলেন চরণজিৎ নিজেই। পুলিশের হাতে ধরা পড়েছে চরণজিতের সহযোগী সুখজিৎ সিং সোনু। জেরার মুখে সুখজিৎ স্বীকার করে, চরণজিতের নির্দেশেই সে রুপিন্দরকে নিজের বাড়িতে খুন করে এবং পরে একটি গুদামের মধ্যে তার দেহ পুড়িয়ে দেয়। এই কাজের জন্য চরণজিৎ তাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি সুখজিতের।
পুলিশের তদন্তে আরও জানা গেছে, রুপিন্দরের খুনের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল আর্থিক প্রতারণা। ভারতে আসার আগে রুপিন্দর হবু স্বামী চরণজিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্যই চরণজিৎ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।
বর্তমানে প্রধান অভিযুক্ত চরণজিৎ সিং গ্রেওয়াল পলাতক। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য জোর তল্লাশি চালাচ্ছে। বিয়ের নামে প্রবাসীদের প্রতারণা এবং খুনের এই ঘটনাটি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপরও বড় প্রশ্ন তুলে দিয়েছে।