নতুন অতিথিতে সেজে উঠেছে বেঙ্গল সাফারি! তবুও কেন মনমরা পর্যটকরা? হাতি-সিংহের দেখা না-মেলার কারণ কী?

পুজোর ছুটিতে উত্তরবঙ্গে ঘুরতে আসার অন্যতম আকর্ষণ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এবার পর্যটকদের মন কিছুটা খারাপ হতে পারে। কারণ এবার বন্ধ থাকছে এখানকার সবচেয়ে জনপ্রিয় হাতি সাফারি। একইসঙ্গে, সিংহ দেখার আশা নিয়েও যারা পার্কে আসবেন, তারাও হতাশ হবেন।
বেঙ্গল সাফারির যাত্রা শুরুর প্রথম দিন থেকেই পার্কের প্রধান আকর্ষণ ছিল জলদাপাড়ার দুই কুনকি হাতি—লক্ষ্মী ও ঊর্মিলা। এই দুই বোনের পিঠে চড়ে জঙ্গল ঘোরার জন্য পর্যটকদের মধ্যে ছিল তুমুল উৎসাহ। প্রতিদিন প্রায় ১০০ জনেরও বেশি মানুষ এই সাফারির আনন্দ উপভোগ করতেন। কিন্তু গত বছর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীর মৃত্যু হয়। এরপর একাকী হয়ে পড়ে ঊর্মিলা। তারও বয়স হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে জলদাপাড়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে বেঙ্গল সাফারিতে এখন কোনো হাতি নেই, আর তাই বন্ধ হয়ে গিয়েছে হাতি সাফারি। তবে পার্ক কর্তৃপক্ষ সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটির কাছে নতুন হাতি আনার জন্য আবেদন জানিয়েছে। কিন্তু পুজোর আগে নতুন করে হাতি আসার কোনো সম্ভাবনা নেই।
হাতি সাফারির মতোই এবার সিংহ সাফারিও চালু হচ্ছে না। গত বছর ত্রিপুরার সিপাহিজেলা চিড়িয়াখানা থেকে এক জোড়া সিংহ আনা হলেও, এখন পর্যন্ত তাদের জন্য স্থায়ী এনক্লোজার তৈরি করা যায়নি। পার্ক কর্তৃপক্ষ সূত্রে খবর, সিংহ সাফারির কাজ কবে শুরু হবে, তা নিয়েও তারা নিশ্চিত নয়। বর্তমানে পার্কে মোট ছয়টি সিংহ থাকলেও, আপাতত তাদের দেখার সুযোগ পাবেন না পর্যটকরা।
তবে দর্শনার্থীদের সম্পূর্ণ নিরাশ হতে হবে না। পার্ক কর্তৃপক্ষ পুজোর আগে বেশ কিছু নতুন প্রাণী এনেছে, যা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে পারে। ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে এক জোড়া ভারতীয় ধূসর নেকড়ে ও একটি সোনালি শিয়াল। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে এক জোড়া কালো ভাল্লুক, এক জোড়া ঘড়িয়াল, সবুজ ইগুয়ানা, এক জোড়া ভারতীয় বন্য কুকুর, এক জোড়া ইউরেশিয়ান স্পুনবিল এবং পেইন্টেড স্টর্ক।
পার্কের অধিকর্তা বিজয় কুমার জানিয়েছেন, “এবার হাতি না থাকায় সাফারি বন্ধ থাকলেও, নতুন আসা প্রাণীগুলো পর্যটকদের আকর্ষণ বাড়াবে। অন্যান্য সাফারি যেমন, চিতাবাঘ, বাঘ, হরিণ সবই চালু থাকবে।” নতুন এই প্রাণীরা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে, তবে পুজোর আগেই তাদের দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।