৬৮ কোটি টাকার আর্থিক প্রতারণা, জাল ব্যাংক গ্যারান্টি ও ভুয়ো ইনভয়েস কাণ্ডে রিলায়েন্স পাওয়ারের CFO গ্রেফতার

একটি তালিকাভুক্ত কোম্পানির তহবিল আত্মসাৎ, ভুয়া ব্যাংক গ্যারান্টি এবং জাল ইনভয়েসিংয়ের মতো গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগে রিলায়েন্স পাওয়ার লিমিটেড (RPL)-এর চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) অশোক কুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

ED সূত্রে জানা গেছে, অশোক কুমার পালকে শুক্রবার রাতে দিল্লির অফিসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, তিনি কোটি কোটি টাকার এই বড় আর্থিক প্রতারণার মূল ভূমিকা পালন করেছেন।

জাল ব্যাংক গ্যারান্টিতে ৬৮ কোটির প্রতারণা:

তদন্তকারী সংস্থা জানিয়েছে, RPL-এর বোর্ড রেজোলিউশনের মাধ্যমে অশোক পালকে Solar Energy Corporation of India (SECI)-এর একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) টেন্ডারের জন্য প্রয়োজনীয় নথি চূড়ান্ত ও অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই ক্ষমতা ব্যবহার করে তিনি প্রায় ৬৮ কোটি টাকার একটি ভুয়া ব্যাংক গ্যারান্টি জমা দেন।

ED-র তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভুয়া ব্যাংক গ্যারান্টিটি FirstRand Bank, Manila, Philippines-এর নামে জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছিল, অথচ সেই স্থানে ওই ব্যাংকের কোনো শাখাই নেই। এই জাল গ্যারান্টি তৈরি ও সরবরাহে সহায়তা করে Biswal Tradelink Pvt Ltd (BTPL) নামে একটি ছোট কোম্পানি, যার নিবন্ধিত ঠিকানা ছিল একটি আবাসিক ভবনে। এই জালিয়াতিতে প্রধান ভূমিকা নেওয়া BTPL-এর ডিরেক্টর পার্থ সারথি বিশ্বাস ইতিমধ্যেই বিচারিক হেফাজতে রয়েছেন।

মেসেজিং অ্যাপে গোপন লেনদেন:

অভিযোগ, অশোক পাল কোটি কোটি টাকার ভুয়া পরিবহন ইনভয়েস অনুমোদন করেছিলেন, যার মাধ্যমে সংস্থার তহবিল অন্যত্র সরানো হয়। এই লেনদেনগুলি কোম্পানির অফিসিয়াল SAP সিস্টেম বা ভেন্ডর মাস্টারের মাধ্যমে না করে গোপনীয়তা বজায় রাখতে Telegram ও WhatsApp-এর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে করা হয়েছিল।

বড় ব্যাংকের ডোমেইন নকল করে জালিয়াতি:

তদন্তে আরও জানা গেছে, একটি সংগঠিত জাল ব্যাংক গ্যারান্টি চক্র বড় ব্যাংকের ডোমেইন নাম নকল করে প্রতারণা চালাচ্ছিল। উদাহরণস্বরূপ, “sbi.co.in” ডোমেইনের পরিবর্তে “s-bi.co.in” ব্যবহার করা হয়। একইভাবে Indian Bank, IndusInd Bank এবং Punjab National Bank-এর নামেও ভুয়া ডোমেইন তৈরি করে প্রতারণা চালানো হয়েছিল।

ED মনে করছে, অশোক পালের ভূমিকা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর অপরাধচক্রের অংশ। এই ঘটনায় আরও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।