‘৬৫টা শুভেন্দু আছে,’ সাসপেনশন ইস্যুতে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, উত্তপ্ত বিধানসভা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ যেন থামছেই না। মঙ্গলবার বিধানসভায় ফের সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এর প্রতিবাদে বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করেছেন বিজেপি বিধায়করা। স্পিকারের এই সিদ্ধান্তকে ‘নিয়মবহির্ভূত’ বলে অভিযোগ করেছে বিজেপি।

সাসপেনশনের পর শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেন, “বিধানসভায় ঢুকে আমাদের ৬৫ জন বিধায়ক বুঝিয়ে দেবেন, বিজেপিতে একটা শুভেন্দু নেই, ৬৫টা শুভেন্দু আছে।” তার এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলা ভাষার মর্যাদা সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিজেপি এবং তৃণমূলের বিধায়কদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সময় বরাদ্দ নিয়ে বচসা বাঁধে। এই সময় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ‘বাংলা বিরোধী’ বলে স্লোগান দেন।

একই সময়ে সেনা বাহিনীর দ্বারা মঞ্চ ভাঙার প্রসঙ্গও ওঠে, যার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সেনার পক্ষে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্পিকার মার্শালকে নির্দেশ দেন। এরপরই দুই পক্ষের তুমুল অশান্তির জেরে বিজেপি ওয়াক আউট করে এবং বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, বাংলার রাজনৈতিক সংঘাত এখন বিধানসভার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকেও ছাড়ছে না।