৫ লক্ষের চিকিৎসা থেকে ২১ হাজারি সাহায্য— বাংলার মেয়েদের জন্য ‘মোদীর গ্যারান্টি’র ঝুলি উপুড় ঠাকুরনগরে!

দ্বিতীয় দফার ভোটের আগে মতুয়া গড় ঠাকুরনগর থেকে তৃণমূলের সবথেকে বড় ‘ভোটব্যাঙ্ক’ অর্থাৎ মহিলা ভোটারদের লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বনগাঁর ঠাকুরনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রীর সাফ দাবি, “তৃণমূলের জঙ্গলরাজে সবথেকে বেশি নির্যাতিত বাংলার মেয়েরাই, আর তাই এবারের ভোটে ওরাই তৃণমূলের ওপর সবথেকে বেশি রেগে আছে!”

নারী নিরাপত্তা নিয়ে কড়া আক্রমণ
সন্দেশখালি এবং আরজি করের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে হাতিয়ার করে মোদী এদিন শাসক দলকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, “তৃণমূলের রাজত্বে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর সরকার ঘুমিয়ে আছে। বিজেপি মেয়েদের লড়াইকে সম্মান দেয়, তাই সন্দেশখালির রেখা পাত্র বা অভয়ার মা-কে প্রার্থী করেছে বিজেপি। ৪ মে-র পর বিজেপি সরকার ক্ষমতায় এলে গুন্ডা আর ধর্ষকদের পাই-পাই হিসেব নেওয়া হবে।”

বাংলার মেয়েদের জন্য ‘মোদীর গ্যারান্টি’
মহিলাদের মন জয় করতে এদিন একগুচ্ছ সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন:

স্বাস্থ্য: ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং সার্ভিক্যাল ক্যানসারের টিকা ও চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।

আর্থিক সাহায্য: গর্ভবতী মহিলাদের জন্য সরাসরি ২১ হাজার টাকা এবং স্নাতক পাশের জন্য মেয়েদের ৫০ হাজার টাকা সাহায্য করবে বিজেপি সরকার।

পরিষেবা: আর্সেনিকযুক্ত জলের বদলে প্রতি ঘরে বিশুদ্ধ জল এবং ছাদের ওপর সোলার প্যানেলের জন্য ৮০ হাজার টাকা ভর্তুকি (যাতে বিদ্যুতের বিল শূন্য হয়)।

সন্দেশখালি ও আরজি কর-কে সম্মান
মোদী মনে করিয়ে দেন, তৃণমূল যখন মা-বোনেদের ওপর অত্যাচারে অভিযুক্তদের আড়াল করেছে, বিজেপি তখন লড়াইয়ের মুখদের সংসদীয় রাজনীতিতে নিয়ে এসেছে। তাঁর দাবি, এই পদক্ষেপই প্রমাণ করে যে বাংলার মেয়েদের সুরক্ষার প্রতি বিজেপি কতটা দায়বদ্ধ।

ভোটের লড়াইয়ে মতুয়াদের পাশাপাশি এই নারী শক্তির সমর্থন কি মোদীর ঝুলি ভরবে? ঠাকুরনগরের জনপ্লাবন কিন্তু নতুন কোনো সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy