৫৮ লক্ষ ভোটারের নাম গায়েব! খসড়া তালিকা দেখে মাথায় বাজ তৃণমূলের, সোমবারই নেতাজি ইনডোরে ডাকলেন মমতা-অভিষেক

রাজ্যের আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া তালিকায় রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কায় এবার সরাসরি ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৩ ডিসেম্বর থেকে কমিশনের আনুষ্ঠানিক শুনানি শুরু হতে চলেছে। তার ঠিক একদিন আগে, অর্থাৎ ২২ ডিসেম্বর (সোমবার) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA)-দের নিয়ে জরুরি বৈঠকে বসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কলকাতা, হাওড়া এবং হুগলির বুথ স্তরের কর্মীদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মমতা-অভিষেকের কড়া বার্তা
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাড় বাড়ি নজরদারি: বিএলএ-দের নির্দেশ দেওয়া হতে পারে যাতে তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন।
বিএলও-র সঙ্গে সমন্বয়: বুথ লেভেল অফিসারদের কাজে যাতে কোনো স্বচ্ছতার অভাব না থাকে, তা নিশ্চিত করতে বলা হবে কর্মীদের।
এসআইআর (SIR) সতর্কতা: মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না।
ভোটার তালিকা নিয়ে সংঘাতের মাঝেই বীরভূমের সুনালি খাতুনের ইস্যুটিকে হাতিয়ার করছে ঘাসফুল শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশে বিএসএফ-এর ‘পুশব্যাক’ থেকে রক্ষা পেয়ে দেশে ফেরা অন্তঃসত্ত্বা সুনালি বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। শীর্ষ আদালত যেভাবে কেন্দ্রকে ভর্ৎসনা করেছে, তাকে নৈতিক জয় হিসেবেই দেখছে তৃণমূল। শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনালির সঙ্গে সাক্ষাৎ করে বড় রাজনৈতিক বার্তা দিতে পারেন।
সব মিলিয়ে বছর শেষের আগেই একদিকে ভোটার তালিকায় নাম রক্ষা, অন্যদিকে নাগরিকত্বের অধিকার—এই দুই ফ্রন্টে দাঁড়িয়ে আগ্রাসী মেজাজে শাসকদল। সোমবার নেতাজি ইনডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী ‘টনিক’ দেন কর্মীদের, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।