হুগলিতে হাহাকার! পানীয় জল খেয়েই হাসপাতালে ৩৫ জন, ডায়েরিয়ার প্রকোপে কাঁপছে আরামবাগ

পানীয় জল খেয়ে একের পর এক বাসিন্দা অসুস্থ। হুগলির আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে দেখা দিল ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ। ন’পাড়া ও সুপাড়া এলাকার অন্তত ৩৫ জন পুরুষ ও মহিলা অসুস্থ হয়ে বর্তমানে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন প্রবীণ নাগরিক রয়েছেন, যাঁদের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশী নালা সংস্কারের কাজ চলার সময় পানীয় জলের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফাটা পাইপ দিয়েই নর্দমার দূষিত জল পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে। আর সেই ‘বিষ’ জল পান করেই শুরু হয়েছে বমি ও পায়খানা। বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, প্রশাসনের গাফিলতিতেই আজ এতগুলো প্রাণ ঝুঁকির মুখে।

আরামবাগ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ডায়রিয়ার প্রকোপ বলেই মনে করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে ডিহাইড্রেশনের সমস্যা প্রবল। ৩৫ জন রোগীর চিকিৎসা চলছে, কয়েকজনের অবস্থা স্থিতিশীল হলেও প্রবীণদের নিয়ে উদ্বেগ কাটছে না।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাইপ লাইনের ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে এবং জল দূষিত হওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত এলাকায় ইতিমধ্যেই পাঠানো হয়েছে একটি বিশেষ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ টিম। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল পরীক্ষার কাজও শুরু হয়েছে।

আরামবাগের এই ঘটনা পুরসভার জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরাপদ জল সরবরাহের দাবিতে সরব হয়েছেন আতঙ্কিত বাসিন্দারা।