স্টাফ সিলেকশন কমিশন (SSC) খুব তাড়াতাড়ি এসএসসি জিডি কনস্টেবল ২০২৫-এর ফলাফল (SSC GD Constable Result 2025) প্রকাশ করতে চলেছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় ফোর্সের মোট ৫৩,৬৯০টি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সেন্ট্রাল আর্মড ফোর্স (CAPFs) এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের (SSF) কনস্টেবল (GD), অসম রাইফেলসের রাইফেল ম্যান (GD), এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিপাই – এই পদগুলিতে নিয়োগ সম্পন্ন হবে। পরীক্ষার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে ফলাফল দেখতে পারবেন।
পরীক্ষার বিস্তারিত তথ্য
স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল পদে নিয়োগের জন্য এই বছরের ৪ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে কম্পিউটার বেসড টেস্ট (CBT) আয়োজন করেছিল। ১৬০ নম্বরের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন ছিল, যার প্রতিটিতে ২ নম্বর করে বরাদ্দ ছিল। মোট ৬০ মিনিট, অর্থাৎ ১ ঘণ্টার এই পরীক্ষাটি ইংরেজি ও হিন্দি ছাড়াও আরও ১৩টি স্থানীয় ভাষায় নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল অসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কনি, মালয়ালি, মণিপুর, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু। পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছিল ৪ মার্চ, এবং অবজেকশনাল উইন্ডো বন্ধ হয়েছিল ৯ মার্চ।
কীভাবে ফলাফল দেখবেন?
ফলাফল দেখার সহজ ধাপগুলি নিচে দেওয়া হলো:
১. প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in – এ প্রবেশ করতে হবে।
২. হোমপেজে থাকা ‘রেজাল্ট’ ট্যাবে ক্লিক করতে হবে।
৩. এরপর ‘SSC GD Constable Result 2025’ লিঙ্কটি খুঁজে বের করে সেখানে ক্লিক করতে হবে।
৪. রেজাল্ট প্রকাশিত হলে সেই পিডিএফ ডাউনলোড করে রাখা যাবে।
৫. রোল নম্বর বা নিজের নাম খুঁজে বের করার জন্য কিবোর্ডে Ctrl+F – এর সাহায্য নেওয়া যেতে পারে।
সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২৫
এদিকে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিআইএসএফ-এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in – এ গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ৪০৩টি শূন্যপদ পূরণ করা হবে। রেজিস্ট্রেশন ১৮ মে থেকে শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ ৬ জুন।