৩৪ রানের জন্য পেলেন ৩৪ লক্ষ! ইডেনে আজ বাংলার মেয়ের সংবর্ধনা, মঞ্চ মাতাবেন মমতা-টলিউড

বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে আজ, শনিবার, কলকাতায় মহাসংবর্ধনা দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। ইডেন গার্ডেন্সে বিকেল ৫টা থেকে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টলিউডের একঝাঁক তারকা।
বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া রিচাকে অভিনব সম্মান জানাতে চলেছে রাজ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪ রান করেছিলেন রিচা। সেই স্মৃতিকে সম্মান জানাতে ৩৪ লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে CAB। এর পাশাপাশি, তাঁকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে।
প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্বজয়ী রিচাকে পুলিশের বড় পদে চাকরি দেওয়া হয়েছে। শিলিগুড়িতে তাঁর আগমন উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে। এবার ইডেনের মঞ্চে আরও বড় পরিসরে তাঁকে সম্মানিত করা হবে।