বাংলার ভোটলড়াইতে এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা বড় চাল চালল ভারতীয় জনতা পার্টি। বুধবার কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলাদের জন্য ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিজেপির প্রতিশ্রুতি— রাজ্যে ক্ষমতায় এলেই এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়া হবে।
লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশঙ্কা প্রকাশ করেছেন যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিয়ে স্মৃতি ইরানি বলেন, “বিজেপি সবসময় মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। দেশের রেকর্ড দেখলেই বোঝা যাবে বিজেপি মহিলাদের জন্য কতটা কাজ করেছে।” এদিনের অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচজন মহিলার হাতে এই ভরসা কার্ড তুলে দেওয়া হয়।
সরকারি কর্মীদের জন্য খুশির খবর: মহিলাদের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের মন জয়েও বড় বাজি ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন:
বিজেপি সরকার গড়লে বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা (DA) মেটানো হবে।
কেন্দ্র সরকারের ধাঁচে রাজ্যেও সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। শুভেন্দুর দাবি, “বাংলার মানুষ আর কয়েক দিনের অপেক্ষা করছেন, তারপরেই পরিবর্তন আসবে।”
তৃণমূলকে তোপ ও নারী সুরক্ষা: স্মৃতি ইরানি এদিন নারী সুরক্ষা ইস্যুতে তৃণমূল সরকারকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের তরফে ‘ওয়ান স্টপ সেন্টার’ এবং ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ তৈরির উদ্যোগ নেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার তা কার্যকর করতে বাধা দিচ্ছে। ফলে রাজ্যের মহিলারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারী রাজ্যে ‘উগ্র মৌলবাদ’ এবং ‘উর্দু চাপিয়ে দেওয়ার’ চেষ্টার অভিযোগ তুলে সাংস্কৃতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে আনেন।
বিজেপির সংকল্প পত্রে যা যা থাকছে:
মহিলাদের জন্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণ।
মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে ৩০০০ টাকা মাসিক ভাতা।
সরকারি কর্মচারীদের জন্য পে-কমিশন ও ডিএ-র প্রতিশ্রুতি।
ভোটের ঠিক মুখে বিজেপির এই ‘৩০০০ টাকার কার্ড’ এবং ‘সপ্তম পে-কমিশন’-এর টোপ বাংলার মানুষের মন কতটা গলাতে পারে, এখন সেটাই দেখার।





