২ বিলিয়ন ডলার দর হাঁকছে বর্তমান মালিক! বিরাট কোহলির RCB কিনতে ঝাঁপালো আদানি, জেএসডব্লিউ-সহ

IPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এখন নতুন মালিকের সন্ধানে রয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে ৬টি হাই-প্রোফাইল সংস্থা এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার আগ্রহ দেখিয়েছে। তবে, বর্তমানে RCB-র মালিকানা থাকা ডিয়াজিও গ্রেট ব্রিটেন (Diageo Great Britain) শেষ মুহূর্তে পিছু হটতে পারে, যদি তাদের ভারতীয় শাখা (যারা বিক্রির পক্ষে নয়) এই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি না করার জন্য মূল সংস্থাকে রাজি করাতে পারে।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, RCB-র সম্ভাব্য বিক্রি নিয়ে ডিয়াজিও-র সঙ্গে আলোচনা করেছে এমন ভারতীয় এবং আমেরিকান সংস্থার মধ্যে রয়েছে আদানি গ্রুপ (Adani Group), জেএসডব্লিউ গ্রুপ (JSW Group) এবং আদার পুনাওয়ালা (Adar Poonawalla)। এছাড়াও আমেরিকান ভিত্তিক দুটি প্রাইভেট ইক্যুইটি ফার্মও এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি কেনার কথা ভাবছে।

দর হাঁকা হচ্ছে ২ বিলিয়ন ডলার!
জানা গেছে, RCB-র বর্তমান মালিকরা এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার দাম ধার্য করেছেন।

হাউলিহান লোকেই-এর ‘আইপিএল ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ অনুসারে, ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে RCB-কে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে রেট করা হয়েছিল।

২০২২ সালে আহমেদাবাদ ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির শীর্ষ দরদাতাদের মধ্যে ছিল আদানি গ্রুপ। তবে CVC ক্যাপিটাল পার্টনার্স-এর কাছে তারা সামান্য ব্যবধানে হেরে যায়।

আদার পুনাওয়ালার আগ্রহ তুঙ্গে
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা ডিয়াজিও পিএলসি-র সঙ্গে RCB কেনার জন্য আলোচনা করছেন বলে জানা গেছে। এই মাসের শুরুর দিকে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই গুজবকে আরও উসকে দেন। X (আগের টুইটার) এ তিনি লেখেন, “সঠিক মূল্যায়নে, @RCBTweets একটি দুর্দান্ত দল…”

উল্লেখ্য, এই প্রথমবার নয় যে পুনাওয়ালা পরিবার আইপিএল দল কেনার আগ্রহ দেখিয়েছে। ২০১০ সালে আইপিএল যখন আট থেকে দশটি দলে সম্প্রসারিত হয়েছিল, তখন আদার-এর বাবা সাইরাস পুনাওয়ালা ‘ইনভিটেশন টু টেন্ডার’ (ITT) কিনেছিলেন। তবে সেই বিড শেষ পর্যন্ত সাহারা এবং রঁদেভু স্পোর্টস জিতেছিল।

জিন্দাল গ্রুপ কি দিল্লি ছাড়বে?
অন্যদিকে, যদি দিল্লি ক্যাপিটালসের বর্তমান সহ-মালিক পার্থ জিন্দাল RCB কেনার বিষয়ে গুরুতর আগ্রহ দেখান, তবে তাঁকে দিল্লি ক্যাপিটালসের মালিকানা ছাড়তে হবে। জিএসডব্লিউ গ্রুপের দিল্লি ক্যাপিটালসে ৫০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এবং সহ-মালিক জিএমআর গ্রুপের সঙ্গে তাদের দুই বছরের ঘূর্ণন ভিত্তিতে ডিসি পরিচালনার চুক্তি রয়েছে।

এই মুহূর্তে, RCB-র ভবিষ্যৎ কোন দিকে গড়ায় এবং কোন হেভিওয়েট গ্রুপ শেষ পর্যন্ত এই মূল্যবান ফ্র্যাঞ্চাইজির মালিকানা পায়, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।