২১ জুলাইয়ের মঞ্চে মহা চমক! ধর্মতলায় ‘শাহরুখ খান’কে মিছিলে দেখে রীতিমতো চোখ কপালে তৃণমূলীদের!

রবিবার রাত থেকেই গোটা বাংলা ছিল জমজমাট, আর তার কারণ ২১শে জুলাইয়ের সমাবেশ। সোমবার সকাল থেকে কলকাতার রাজপথ তৃণমূলের পতাকা লাগানো বাস, গাড়ি আর বাইকে ছয়লাপ। এরই মাঝে ধর্মতলায় খোদ ‘শাহরুখ খান’-কে মিছিলে দেখে রীতিমতো চোখ কপালে উঠলো তৃণমূল কর্মী-সমর্থকদের।
কিং খান এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এক বছর আগেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শাহরুখ খান ছাড়া ভাবাই যেত না। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন জানাতে বাদশা নিজেই ছুটে এলেন নাকি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে।
তবে একটু ভালো করে দেখার পরই ভুল ভাঙলো সকলের। কারণ এ যে নকল শাহরুখ! অর্থাৎ শাহরুখ খানের হামসকল। জানা গেল, তিনি বীরভূম থেকে আসা ঘাসফুল কর্মীদের সঙ্গেই এসেছেন। তিনি জানান, ২১শে জুলাইয়ের জন্য তাঁর এই সাজ নয়, বরং এটাই তাঁর পেশা। তিনি নকল শাহরুখ হিসেবেই মানুষের মনোরঞ্জন করে থাকেন।
২১শে জুলাইয়ের এই সমাবেশে আসার কারণ হিসেবে তিনি জানান, একদিকে যেমন দলকে সমর্থন জানানো, তেমনই তাঁর ইচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার একটি ভিডিও বানানোর। যাতে গোটা কলকাতার মানুষ তাঁর কাজ সম্পর্কে জানতে পারে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রবিবার থেকেই কলকাতামুখী। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা এবং যানচলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। সকাল সাড়ে ৯টার পর মিছিল বন্ধ রাখা হয়েছিল, যা দুপুর ১টা থেকে আবার শুরু হয়েছে। তবে শুধু নকল শাহরুখ খানই নন, ধর্মতলা চত্বরে এক সমর্থককে দেখা গেল সম্পূর্ণ চার্লি চ্যাপলিনের বেশে, যা দেখেও মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়।
একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ উপলক্ষে এই ধরণের অভিনব উপস্থিতি জনসমুদ্রে এক ভিন্ন মাত্রার উন্মাদনা যোগ করেছে।