২০ হাজার টাকার ঘুস নিতে গিয়ে হাতে-নাতে ধরা! সরকারি ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে মিলল ১ কোটি ৩২ লাখ টাকার সম্পত্তি!

সরকারি রাস্তা নির্মাণের কাজ সফলভাবে শেষ হওয়ার পর জমা রাখা সিকিউরিটি বা আর্নেস্ট মানি ফেরতের বিনিময়ে বিশ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে হুগলি জেলা পরিষদ চত্বর থেকে এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হাতেনাতে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা বা এসিবি (ACB)। গ্রেপ্তারির পর অভিযুক্তের চুঁচুড়ার আবাসনে ম্যারাথন তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি ও বিনিয়োগের চাঞ্চল্যকর হদিশ মিলেছে।

এসিবি সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রকল্পের আওতায় প্রায় এক কোটি টাকার একটি সরকারি গ্রামীণ রাস্তা তৈরির কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছিলেন এক ঠিকাদার। ২০২৩ সালে কাজ শুরু হওয়ার পর ২০২৫ সালের শেষ দিকে সেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়। এরপর নিয়মমাফিক টেন্ডারের সময় সিকিউরিটি ডিপোজিট বা আর্নেস্ট মানি হিসেবে জমা রাখা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেন ওই ঠিকাদার। কিন্তু অভিযোগ ওঠে, সেই বকেয়া টাকা অ্যাকাউন্টে ছাড়ার বিনিময়ে ডব্লিউবিএসআরডিএ-র (WBSRDA) হুগলি বিভাগের ওই সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২০ হাজার টাকা উৎকোচ বা ঘুষ দাবি করেছেন। নিরুপায় হয়ে ঠিকাদার বিষয়টি নিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার চুঁচুড়ায় হুগলি জেলা পরিষদ কার্যালয়ে একটি সুপরিকল্পিত ফাঁদ পাতে এসিবির বিশেষ তদন্তকারী দল। ঠিকাদারের কাছ থেকে সরাসরি ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার ঠিক সেই মুহূর্তে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন আধিকারিকেরা। তাঁর কাছ থেকে নগদ ঘুষের সেই টাকাও সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে।

এরপরই তদন্তের পরিধি বাড়িয়ে অভিযুক্তের চুঁচুড়ার নিজস্ব আবাসনে তল্লাশি চালায় এসিবি। টানা দুই দিন ধরে চলা এই তল্লাশিতে অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা আর্থিক সম্পদ ও বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত মোট ৭৩টি গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর ওই নথিগুলি খতিয়ে দেখে গোয়েন্দারা প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ও বিনিয়োগের হদিশ পেয়েছেন বলে দাবি করেছেন। এসিবির প্রাথমিক অনুমান, এর সিংহভাগ সম্পত্তিই গত পাঁচ বছরে দুর্নীতির মাধ্যমে জমা হয়েছে। বর্তমানে বাজেয়াপ্ত হওয়া নথির ভিত্তিতে আয়ের উৎসের সঙ্গে সম্পত্তির অসামঞ্জস্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।