২০ বছর পর ফিরছেন তসলিমা! কলকাতা আসার আগেই বাম-তৃণমূলকে তীব্র আক্রমণ

দীর্ঘ ২০ বছরের নির্বাসন কাটিয়ে ফের তিলোত্তমায় ফিরছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। তবে শহরে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বাম ও তৃণমূল—উভয়কেই কাঠগড়ায় দাঁড় করালেন লেখিকা।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন তসলিমা? ‘সেক্যুলার মিশন’ ও ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে কলকাতায় আসছেন তসলিমা। ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেছেন, এই আমন্ত্রণ কোনো রাজনৈতিক দলের নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার তাঁকে যে নিরাপত্তা দিচ্ছে, তা যেকোনো রাজ্য সরকারের স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব মাত্র।
বাম-তৃণমূলকে জোড়া আক্রমণ তসলিমা নাসরিন অভিযোগের সুরে বলেন, “বামফ্রন্ট সরকারের আমলেই আমাকে কলকাতা ছাড়তে হয়েছিল। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সরকারও আমাকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেয়নি।” একইসঙ্গে তাঁর অভিযোগ, অতীতে তাঁর একটি টেলিভিশন ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বই প্রকাশ অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য করা হয়েছিল।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তসলিমা জানান, তাঁর এই সফর নিয়ে পশ্চিমবঙ্গের কিছু বাম নেতা সমালোচনা করছেন। তাঁকে বিজেপি বা আরএসএসের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর। এই অভিযোগ উড়িয়ে দিয়ে লেখিকা বলেন, “কেরলের বাম সরকারের আমন্ত্রণে আমি একাধিকবার গিয়েছি, সেখানে আমাকে নিরাপত্তা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের বামেরা আমার বিরুদ্ধেই কথা বলছে।”
কলকাতার সফর ঘিরে বিতর্ক দীর্ঘদিন বাদে তসলিমার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। যদিও তসলিমা নিজে দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসছেন না, কেবল একটি অনুষ্ঠানে অংশ নিতেই তাঁর এই সফর। ১ আগস্ট রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটপাড়ায়।
দীর্ঘ দুই দশক পর প্রিয় কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, তাঁর এই সফর কি কোনো নতুন বিতর্কের জন্ম দেবে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।