২০ টাকায় ৬টা ফুচকা না পেয়ে পথ অবরোধ, কান্নায় ভাসলেন মহিলা! কী ঘটল গুজরাটে?

গুজরাটের ভদোদরায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন সাধারণ মানুষ এবং পুলিশকর্মীরা। এক মহিলা ব্যস্ত রাস্তার মাঝখানে হঠাৎ বসে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন, যার ফলে ওই অঞ্চলের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ছুটে এলে মহিলা যে কারণ জানান, তা শুনে সবাই হতবাক হয়ে যান।
পুলিশের প্রশ্নের উত্তরে মহিলা জানান, তিনি ফুচকা (গোলগাপ্পা) খেতে এসেছিলেন। ফুচকাওয়ালা তাকে বলেছিলেন, ২০ টাকায় ছয়টি ফুচকা দেবেন। কিন্তু তিনি মাত্র চারটি ফুচকা দেন এবং জানান, এখন থেকে ২০ টাকায় চারটি ফুচকাই পাওয়া যাবে। এতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তার অভিযোগ, ফুচকাওয়ালা ইচ্ছে করে তাকে কম ফুচকা দিয়েছেন।
মহিলা কান্নাকাটি করে জানান, যতক্ষণ না তাকে আরও দুটি ফুচকা দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি রাস্তা থেকে উঠবেন না। টাকাপয়সা নয়, তার শুধু ওই দুটি ফুচকা দরকার। এই অদ্ভুত দাবি শুনে সবাই অবাক হয়ে যান।
পরিস্থিতি শান্ত করতে ফুচকাওয়ালা আর ঝুঁকি না নিয়ে মহিলার দাবি মেনে নেন। তিনি দুইটি নয়, বরং চারটি বাড়তি ফুচকা দেন। এতে খুশি হয়ে মহিলা রাস্তা থেকে উঠে যান এবং তার কান্নাও থেমে যায়।
এই ঘটনার পর স্থানীয় মানুষ এবং গাড়ির চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় ফুচকাকে গোলগাপ্পা নামে ডাকা হয়।