দিল্লিকে বাঁচাতে মোক্ষম চাল! পাকিস্তানের ভাগের জল এবার আসবে ভারতের দিকে

দিল্লির তীব্র জলের সঙ্কট মোকাবিলায় এবার এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ায় যে বিপুল পরিমাণ জল এতদিন পাকিস্তানে যাচ্ছিল, তা এবার দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলোতে ঘুরিয়ে দেওয়া হবে। আগামী দেড় বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর ভারত এই সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের পর এই ঘোষণা করা হয়েছিল। খট্টর বলেন, “এখন পাকিস্তানের দিকে যাওয়া জল আমাদের হাতে এসেছে, যা দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ একাধিক রাজ্যে সরবরাহ করা যাবে।”

শুধু পাকিস্তানের ভাগের জল ঘোরানোই নয়, দিল্লির দীর্ঘমেয়াদি জলের সমস্যা সমাধানের জন্য কেন্দ্র আরও বেশ কিছু পরিকল্পনা করেছে। হাথনিকুন্ড ব্যারেজের কাছে একটি নতুন বাঁধ তৈরির প্রস্তাব তৈরি হয়েছে, যেখানে বিপুল পরিমাণ জল সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদনও করা যাবে।

ইতিমধ্যে হিমাচল প্রদেশে রেনুকা ড্যাম এবং উত্তরাখণ্ডে লাখওয়ার ড্যাম-এর কাজ শুরু হয়ে গেছে। কিশাউ ড্যাম নিয়েও অচিরেই সমঝোতা হবে বলে আশা করছেন মন্ত্রী। তার মতে, এই বাঁধগুলো চালু হলে দিল্লির জলের ঘাটতি শুধু মিটবে না, বরং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জলও পাওয়া যাবে।

যদিও পাকিস্তান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল, ভারত তার অবস্থানে অনড় রয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পুরোনো চুক্তি আর কার্যকর নয় এবং এই জল এখন ভারতের প্রয়োজনেই ব্যবহার করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ উত্তর ভারতের জলের সঙ্কটে একটি বড় পরিবর্তন আনতে পারে, তবে এর বাস্তবায়ন কত দ্রুত হয়, সেটাই এখন দেখার বিষয়।