সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে বিরাট সিদ্ধান্ত! শিক্ষক-শিক্ষিকাদের কপালে এবার চরম দুশ্চিন্তার ভাঁজ?

সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে এবার আসরে নামল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য টেট (TET) পরীক্ষা আয়োজন করার ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী, সংখ্যালঘু নয় এমন স্কুলগুলিতে কর্মরত সমস্ত শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের চাকরির মেয়াদ এখনও পাঁচ বছর বা তার বেশি বাকি রয়েছে, সেই সমস্ত কর্মরত শিক্ষক-শিক্ষিকাকে আগামী ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে আবশ্যিকভাবে টেট পাশ করতে হবে। তবে গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে, যাঁদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই পরীক্ষা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। পাশাপাশি, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই নিয়ম লাগু হবে না।

কর্মরত শিক্ষকদের জন্য এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশিকায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব প্রথম দফার পরীক্ষা আয়োজন করতে হবে। শুধু তাই নয়, পরবর্তী সময়গুলিতে নিয়মিত ব্যবধানে অর্থাৎ বছরে অন্তত দু’বার বা প্রতি ছ’মাস অন্তর এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে সমস্ত যোগ্য শিক্ষক নির্ধারিত সময়সীমার মধ্যে পর্যাপ্ত সুযোগ পেয়ে যান। নির্দিষ্ট এই ডেডলাইনের মধ্যে টেট পাশ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বজায় রাখার ক্ষেত্রে বড়সড় আইনি জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।