২০০ কোটির বিয়ে, নাচলেন বলিতারকারা! অবশেষে ৮০ হাজার কোটির বেটিং সম্রাট সৌরভকে দেশে ফেরাল সিবিআই

অনলাইন জুয়া ও অবৈধ বেটিংয়ের দুনিয়ায় আলোড়ন ফেলা ‘মহাদেব অ্যাপ’ (Mahadev Betting App) কেলেঙ্কারিতে এবার বৃহত্তম সাফল্য অর্জন করল ভারতীয় তদন্তকারী সংস্থা। হাজার হাজার সাধারণ মানুষকে প্রতারিত করে প্রায় ৮০ হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য গড়ে তোলা এবং দুবাইয়ে ২০০ কোটি টাকার রাজকীয় বিয়ের আসর বসিয়ে রাতারাতি কোটিপতি হওয়া মূল অভিযুক্ত সৌরভ চন্দ্রকরকে (Saurabh Chandrakar) ওমান থেকে ভারতে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।
ইন্টারপোলের জালে ওমানে আটক, অতঃপর ভারত পুশব্যাক
ইন্টারপোলের জারি করা ‘রেড কর্নার নোটিস’-এর ভিত্তিতে গত জুলাই মাসে ওমানের রয়্যাল পুলিশ সৌরভ চন্দ্রকরকে আটক করেছিল। এরপর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং ইন্টারপোলের যৌথ সহযোগিতায় তাঁকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যর্পণের চূড়ান্ত সবুজ সংকেত মিলতেই সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল মাসকটে পৌঁছায় এবং রবিবার তাকে নিরাপদে ভারতের মাটিতে নিয়ে আসা হয়।
সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে সিবিআইয়ের দুটি প্রধান মামলা ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অধীনে একাধিক আর্থিক তছরুপের মামলা বিচারাধীন রয়েছে। ভারতে পৌঁছানোর পর তাঁর শারীরিক পরীক্ষা (Medical Check-up) সম্পন্ন করা হচ্ছে। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাঁকে ছত্তিশগড়ের রায়পুরে নিয়ে গিয়ে বিশেষ সিবিআই আদালতে পেশ করার কথা রয়েছে।
কীভাবে পরিচালিত হতো ৮০,০০০ কোটির সাম্রাজ্য?
সিবিআই ও ইডির যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশের বাইরে প্রধানত দুবাই থেকে পরিচালিত হতো এই ‘মহাদেব অনলাইন বুক’। ক্রিকেট, ফুটবল, তাসসহ বিভিন্ন খেলার ওপর সরাসরি বেআইনি বাজি ধরার সুযোগ দেওয়া হতো এই অ্যাপের মাধ্যমে।
বিশাল ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক: দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা প্রায় ৩,২০০টি ফ্র্যাঞ্চাইজি প্যানেলের মাধ্যমে এই বেটিং সিন্ডিকেট চলত।
মাসের আয় ৯৫০ কোটি: প্রতিটি প্যানেল থেকে প্রতি মাসে গড়ে ৩০ লক্ষ টাকা সংগৃহীত হতো। অর্থাৎ, মাসে প্রায় ৯৫০ কোটি টাকা এবং বছরে প্রায় ১১,৪০০ কোটি টাকা কেবল এই বেটিং থেকেই আয় করত সিন্ডিকেটটি।
হাওয়ালার মাধ্যমে পাচার: ইডির দাবি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে মহাদেব বুক সিন্ডিকেট প্রায় ৭৫,০০০ থেকে ৮০,০০০ কোটি টাকার অপরাধমূলক লেনদেন করেছে, যার একটি বিরাট অংশ হাওয়ালা মারফত দুবাইয়ে পাচার করা হয়েছিল।
নজরে ২০৩ কোটির রাজকীয় বিয়ের আসর ও বলিউড যোগ
সৌরভ চন্দ্রকরের এই বিশাল কালো টাকার সাম্রাজ্য প্রথম জাতীয় স্তরে লাইমলাইটে আসে তাঁর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিয়ের পর। তদন্তকারীদের দাবি, দুবাইয়ে আয়োজিত সেই রাজকীয় বিয়ের আসরে প্রায় ২০০ কোটি টাকা খরচ করা হয়েছিল, যেখানে পানি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—সবই হয়েছিল রাজকীয় ভঙ্গিতে। ওই জমকালো বিয়েতে পারফর্ম করতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল একাধিক প্রথম সারির বলিউড তারকা ও সংগীতশিল্পীদের।
সৌরভ চন্দ্রকরের ভারতে আগমনের ফলে এবার কোন কোন হাই-প্রোফাইল ব্যক্তি ও প্রভাবশালীদের নাম সামনে আসতে চলেছে, সেদিকেই নজর রাখছে গোটা দেশ।