কেন হঠাৎ পদ ছেড়েছিলেন? নীরবতা ভেঙে নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন জগদীপ ধনকড়

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর থেকেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তবে এবার তিনি নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণকে (CP Radhakrishnan) অভিনন্দন জানিয়ে নীরবতা ভাঙলেন।
মঙ্গলবার দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। তাকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানান, “রাধাকৃষ্ণনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই পদের মর্যাদা আরও বৃদ্ধি করবে।”
গত জুলাই মাসে জগদীপ ধনকড়ের হঠাৎ পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দেয়। যদিও তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়েছিলেন, একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, রাজ্যসভায় বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিস গ্রহণের পর তার পদত্যাগ নিয়ে বিতর্ক তৈরি হয়।
জানা গেছে, ওই নোটিস গ্রহণ করার পর দুই কেন্দ্রীয় মন্ত্রী — জে পি নাড্ডা এবং কিরেন রিজিজু — ধনকড়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। রিজিজু ধনকড়কে জানান, সরকারের তরফে আগে লোকসভাতেই এই প্রস্তাব তোলার পরিকল্পনা ছিল। তাই রাজ্যসভায় বিরোধীদের নোটিস গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অসন্তুষ্ট’ হয়েছেন। জবাবে ধনকড় স্পষ্ট জানান, তিনি সম্পূর্ণভাবে বিধি মেনে এবং সাংবিধানিক রীতি অনুসরণ করে কাজ করছেন।
এই ঘটনার পরেই তিনি পদত্যাগ করেন। বিরোধীদের দাবি, সরকারের অসন্তোষের মুখে পড়ে এবং সাংবিধানিক সংঘাত এড়াতে ধনকড় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
বর্তমানে ৭৪ বছর বয়সী ধনকড় অবসর জীবনে নিজের পরিবারকে সময় দিচ্ছেন। তিনি নিয়মিত যোগব্যায়াম এবং টেবিল টেনিস খেলছেন। একই সঙ্গে তিনি রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে নিজের মাসিক পেনশন পুনরায় চালু করার আবেদন করেছেন।