জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে গত রবিবারের সেই অভিশপ্ত ঘটনার রেশ কাটছেই না। উল্টে ময়নাতদন্তের রিপোর্ট এবং শুটিং সেটের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। এই মৃত্যুকে ঘিরে ঘনীভূত রহস্যের মাঝেই এবার ‘বিচারের’ দাবিতে পথে নামছে টলিউড।
ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য: ১ ঘণ্টা জলের তলায় ছিলেন অভিনেতা? তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের প্রাথমিক সূত্রে যে তথ্য মিলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকদের দাবি, রাহুলের ফুসফুসে যে পরিমাণ বালি ও নোনা জল পাওয়া গিয়েছে, তা অস্বাভাবিক। সাধারণত অল্প সময় জলে ডুবে থাকলে এত বালি ফুসফুসে পৌঁছানো সম্ভব নয়। এর থেকে অনুমান করা হচ্ছে, অন্তত এক ঘণ্টা বা তারও বেশি সময় তিনি জলের তলায় নিথর অবস্থায় পড়েছিলেন। প্রশ্ন উঠছে, শুটিং ইউনিটের কেউ কেন বিষয়টি দ্রুত টের পেলেন না?
অনিশ্চিত ‘ভোলে বাবা পার কারেগা’-র ভবিষ্যৎ ম্যাজিক মোমেন্টসের জনপ্রিয় এই মেগার হিরো-হিরোইনের মধুচন্দ্রিমার দৃশ্য শুট করতেই তালসারি গিয়েছিল ইউনিট। মুখ্য চরিত্রে রাহুল অভিনয় করায় এখন এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। স্টুডিওতে শুটিং বন্ধ থাকলেও লীনা গঙ্গোপাধ্যায়ের অন্য মেগা ‘চিরসখা’-র কাজ ফের শুরু হয়েছে। তবে নেটিজেনদের দাবি— রাহুলের জায়গায় যেন অন্য কাউকে না আনা হয়। রাহুলবিহীন এই মেগা কি আদেও চলবে? উত্তর এখনও অধরা।
শনিবার ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল রাহুলের মৃত্যুকে নিছক ‘দুর্ঘটনা’ হিসেবে মানতে নারাজ ইন্ডাস্ট্রির বড় একটা অংশ। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে টলিউডের বহু তারকা। আগামী শনিবার বিকেল ৪টের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল। যদিও আর্টিস্ট ফোরাম জানিয়েছে তারা সাংগঠনিকভাবে এই মিছিলে থাকছে না, তবে কোনো শিল্পী ব্যক্তিগতভাবে চাইলে যোগ দিতে পারেন।
বিজয়গড়ে শোকের ছায়া, একা থাকতে চান প্রিয়াঙ্কা রবিবার রাতেই রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছান তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকস্তব্ধ প্রিয়াঙ্কা ও পুত্র সহজকে নিয়ে তিনি এখন সংবাদমাধ্যমের আড়ালে নিভৃতে সময় কাটাতে চান। রাহুল কেবল একজন অভিনেতাই ছিলেন না, তাঁর পডকাস্ট এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি আপামর বাঙালির ঘরের মানুষ হয়ে উঠেছিলেন।
শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, নাকি কোনো গাফিলতি কেড়ে নিল এক প্রতিভাকে— সেই ধোঁয়াশা কাটাতে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে সবাই।





