১৭ সেপ্টেম্বর পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’! বাংলার মহিলাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরকে কেন্দ্র করে রাজ্যে এক বিশেষ উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, ওই দিনটি রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালিত হবে।

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু জানান, জেলায় জেলায় মহিলারা এই দিনটি মহাসমারোহে পালন করবেন। পাশাপাশি, কলকাতায় এক লক্ষ মহিলাকে সঙ্গে নিয়ে তিনি স্বয়ং অন্নপূর্ণা দিবস পালন করবেন বলেও জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, জুন মাসে ২৮ লক্ষ, জুলাইতে ১ কোটি ১৯ লক্ষ এবং এই চলতি মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এই বিধানসভা এলাকার প্রায় ১৪, পাঁচশো জনেরও বেশি মহিলা বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। এছাড়া আরও আড়াই হাজার মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭,০০০ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে।

যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যাঁরা এখনও টাকা পাননি, তাঁরা সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করুন। যোগ্য হলে আপনারা অবশ্যই সুবিধা পাবেন। এই বিষয়ে আপনারা আপনাদের ‘ভাই’ শুভেন্দু অধিকারীর ওপর ভরসা ও বিশ্বাস রাখতে পারেন।” অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে তাঁর এই বার্তা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।