স্কুলে শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি! চুলোচুলি ও মারধরের ঘটনায় উত্তাল মালদার স্কুল

স্কুলের ভেতরে এক মহিলা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার বামনগোলা ব্লকের জগদলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটা এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি তৈরি করা নিয়ে শিক্ষক-ইন-চার্জ অমিত হালদারের সঙ্গে ওই মহিলা ক্লার্কের কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় এবং ওই শিক্ষাকর্মী প্রধান শিক্ষককে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্রছাত্রীরা।

শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে এই বিবাদের জেরে স্কুল চত্বরে হাতাহাতি ও চুলোচুলি শুরু হয়। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই শিক্ষাকর্মী প্রতিবাদী পড়ুয়াদেরও বেধড়ক মারধর করেন এবং গলার টিপে ধরে হুমকি দেন। অন্যদিকে, ওই শিক্ষাকর্মীর পালটা অভিযোগ, তাঁকে অনৈতিকভাবে জোর করে কাজ করানোর চেষ্টা করা হচ্ছিল এবং প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হন শিক্ষক।

ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও উত্তেজনা কমেনি। এই অপ্রীতিকর ঘটনায় বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।