পরিচালক প্রিয়দর্শনের মধ্যে বাবার ছায়া দেখছেন সাইফ! অক্ষয়কে নিয়ে কী বললেন ‘বলিউডের নবাব’?

আসন্ন ছবি ‘হায়ওয়ান’ নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় চর্চায় রয়েছেন অভিনেতা সাইফ আলি খান। এই সিনেমায় তাঁকে একজন অন্ধ সঙ্গীতশিল্পী ও মার্শাল আর্ট প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে, যেখানে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে এটি সাইফের প্রথম কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালককে নিয়ে মুখ খুলেছেন ‘বলিউডের নবাব’।
প্রিয়দর্শনের পরিচালনা ও কাজের শৃঙ্খলার প্রশংসা করতে গিয়ে সাইফ তাঁকে বিখ্যাত হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের সঙ্গে তুলনা করেছেন। শুধু তাই নয়, পরিচালককে নিজের প্রয়াত পিতা তথা কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির সঙ্গেও তুলনা করেছেন তিনি। সাইফের মতে, দুই ব্যক্তিত্বের জীবন ও স্বভাবের মধ্যে বহু মিল রয়েছে। দুজনেই একসময়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবং চোখের সমস্যায় ভুগেছেন, অথচ নিজ নিজ ক্ষেত্রে দুজনেই অত্যন্ত সফল ও নিখুঁত। প্রিয়দর্শনের শুটিং সেটের নিয়মানুবর্তিতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতারও ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা।
পাশাপাশি, অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও উঠে এসেছে সাইফের মুখে। অতীতে একসঙ্গে বহু সফল ছবিতে কাজ করার পর, এবার সপ্তম বারের জন্য এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। অক্ষয় এই ছবিতে নিজের চরিত্রটি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন বলে জানান সাইফ। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।