‘১২৫ ইউনিট ফ্রি বিদ্যুৎ ছাড়ুন’, কাদের উদ্যেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী?

বিহার সরকারের তরফে রাজ্যবাসীর জন্য প্রদত্ত বিনামূল্যে ১২৫ ইউনিট বিদ্যুতের সুবিধা নিয়ে সামনে এল এক বড় আপডেট। রাজ্যের আর্থিকভাবে সচ্ছল পরিবার এবং আয়করদাতাদের কাছে এই ফ্রি বিদ্যুতের সুবিধা স্বেচ্ছায় ত্যাগ করার আবেদন জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার পাটনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁদের আর্থিক অবস্থা ভালো এবং বিদ্যুৎ বিল মেটানোর পূর্ণ সামর্থ্য রয়েছে, তাঁরা যেন স্বেচ্ছায় এই ভর্তুকির সুবিধা ছেড়ে দেন। এর মাধ্যমে বাঁচানো অর্থ রাজ্যের সামগ্রিক উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার।
উল্লেখ্য, বিহার সরকার বর্তমানে রাজ্যের সব শ্রেণির মানুষকে প্রতি মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিয়ে থাকে। এর ফলে বিদ্যুৎ ভর্তুকি বাবদ রাজ্যকে প্রতি বছর প্রায় ২৩ হাজার কোটি টাকা খরচ করতে হয়। বিশাল অঙ্কের এই সরকারি খরচ কিছুটা লাঘব করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
পাটনার যুব সংসদ অনুষ্ঠানে বার্তা
পটনায় আয়োজিত দুই দিনব্যাপী ‘পাটলিপুত্র ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ২.০’-এর মঞ্চে দাঁড়িয়ে এই আবেদন জানান মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি, সচ্ছল পরিবারগুলি যদি এই ভর্তুকির সুবিধা নেওয়া থেকে বিরত থাকে, তবে সেই বাঁচানো অর্থ বিহারের পরিকাঠামো ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে আরও বেশি পরিমাণে ব্যবহার করা সম্ভব হবে।
পাশাপাশি, এই অনুষ্ঠানে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে দেশের যুবসমাজের অবিস্মরণীয় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উন্নয়নমূলক কাজের প্রশংসার পাশাপাশি গুণগত শিক্ষা ও জ্ঞানার্জনের ওপরও বিশেষ জোর দেন সম্রাট চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি, সাংসদ শম্ভবী চৌধুরী এবং যুব সংসদের প্রতিষ্ঠাতা সায়ন কুণাল।