“সবার সামনেই জড়িয়ে ধরে শেষ চুমু”-বিচ্ছেদ মানতেই পারলেন না রাজবীর! দেখুন ভিডিও

বিগ বসের ঘরের মারকাটারি লড়াইয়ে প্রতিদিন নতুন মোড় আসছে। খেলা যত শেষের দিকে এগোচ্ছে, ততই কঠিন হয়ে পড়ছে প্রতিযোগীদের পথ। রবিবার দর্শকদের রায়ে বিগ বসের দুর্গ থেকে এলিমিনেট হয়ে বিদায় নিলেন প্রতিযোগী নন্দিনী দত্ত। আর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে নন্দিনীর নাম ঘোষণা হতেই শোয়ে নেমে আসে শোকের ছায়া, বিশেষ করে ভেঙে পড়তে দেখা যায় রাজবীরকে। এই শোয়ের মাধ্যমেই রাজবীর ও নন্দিনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা নিয়ে বাইরেও চর্চার অন্ত ছিল না। তবে এবার সেই রোম্যান্সে সাময়িক ছেদ পড়ল।

কীভাবে শুরু হয়েছিল ‘রাজনন্দিনী’ জুটির প্রেম?

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন রাজবীর, অন্যদিকে নন্দিনী প্রথম দিন থেকেই ঘরের অন্দরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শুরুতে ঝগড়া দিয়ে সম্পর্ক শুরু হলেও তা ধীরে ধীরে গভীর বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। এক বিছানায় ঘুমোনো, একসঙ্গে আড্ডা এবং একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠার সুবাদে দর্শকরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছিলেন ‘রাজনন্দিনী’। এ সপ্তাহে নমিনেশনে ছিলেন রাজবীর, নন্দিনী, সৃজলা ও তনুশ্রী। শনিবারের পর্বে সৃজলা সেফ হয়ে গেলেও রবিবার ভাগ্য নির্ধারণের পালা ছিল বাকিদের।

সৌরভের সামনেই কান্নায় ভাঙলেন রাজবীর

রবিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে দর্শকদের কম ভোটের কারণে ঘর ছাড়তে হচ্ছে নন্দিনীকে। এই খবর শোনার পরেই রাজবীর যেন নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। তিনি সৌরভের কাছে রীতিমতো আর্জি জানান, যে কোনো মূল্যে যেন নন্দিনীকে ঘরে রেখে দেওয়া হয়। কিন্তু রিয়্যালিটি শোয়ের নির্মম নিয়মে তা তো সম্ভব নয়!

নন্দিনী প্রথমে হাসিমুখে পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করলেও ঘরের ভেতরে প্রবেশ করেই রাজবীরকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন। শিলিগুড়ির ছেলে রাজবীরও আর নিজেকে সংবরণ করতে পারেননি। গত দুই মাস ধরে গড়ে ওঠা এই প্রেমের সম্পর্কে হঠাৎ বিচ্ছেদ যেন মানতেই পারছিলেন না লাভ বার্ডস।

 

View this post on Instagram

 

A post shared by RAJVEER DEY || शुभम! (@rajveerdey_official)

‘আশিকি ২’ কায়দায় বিদায় ও সিক্রেট রুমের বড় টুইস্ট

যাওয়ার আগে নন্দিনীকে কোলে তুলে গেট পর্যন্ত পৌঁছে দেন রাজবীর। এরপর নিজের কোট খুলে দুজনে গায়ে জড়িয়ে ‘আশিকি ২’ সিনেমার বিখ্যাত দৃশ্যের স্টাইলে নন্দিনীকে শেষ চুমু দেন রাজবীর। মুহূর্তে সেই ক্লিপিং নেটপাড়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। যাওয়ার আগে নন্দিনী অবশ্য স্পষ্ট জানিয়ে যান, তিনি চান রাজবীরই যেন এই সিজনের ট্রফি জেতে।

তবে ঘরের বাকি সদস্যরা না জানলেও, দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। নন্দিনী সত্যি সত্যিই বাড়ি থেকে বের হননি, বরং তাঁকে রাখা হয়েছে একটি সিক্রেট রুমে। সেখান থেকেই তিনি এখন ঘরের বাকি সদস্যদের ওপর নজরদারি চালাচ্ছেন। বিগ বসের এই নতুন টুইস্টের পর খেলা কোন মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।