ঘরের মাঠে মহা-বিপর্যয়! মাত্র ১০১ রানেই ৭ উইকেট হাওয়া, রঞ্জিতে চরম লজ্জার মুখে ইশ্বরণরা!

সকালের শিশিরভেজা পিচে ব্যাটারদের সুবিধা দেওয়ার লক্ষ্যে ম্যাচের আগের দিন বিশেষ কৌশলে ভেজা উইকেটে প্র্যাকটিস করিয়েছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। কিন্তু সোমবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামতেই সেই সব কৌশল ধুলোয় মিশে গেল। ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বাংলা। রঞ্জি ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম দিনের লাঞ্চ বিরতিতেই মাত্র ২৬ ওভারে ১০১ রানে ৭ উইকেট হারিয়ে চরম কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক দল।
মহারাষ্ট্রের বোলারদের মারাত্মক বোলিং আক্রমণের পাশাপাশি বাংলার ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনই এই বিপদের মূল কারণ। ক্রিজে টিকে থাকার নূন্যতম মানসিকতা কারও মধ্যে দেখা যায়নি। শুরুটা হয় অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে দিয়ে। ১২ বলে ১০ রান করে রাজ্যবর্ধন হাঙ্গরগেকরের বাইরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। প্রথম সেশনে স্লিপে দাঁড়ানো শচীন ধাস একাই তিনটি সহজ ক্যাচ তালুবন্দী করেন। এরপর ১ রান করে অঙ্কুর পাল এবং ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া সূরয সিন্ধু জয়সওয়াল (০) দ্রুত সাজঘরে ফেরেন। চলতি মরশুমে বাজে ফর্ম বজায় রেখে মাত্র ৭ রান করে তনয় সাঙ্ঘভির বলে এলবিডব্লিউ হন সুদীপ চট্টোপাধ্যায়। সাঙ্ঘভির বল ছেড়ে দিয়ে একই ছাঁচে বোল্ড হন সুদীপ ঘরামিও (১৯)। বিপদ আরও বাড়ান নির্ভরযোগ্য শাহবাজ আমেদ (০) ও সুমন্ত গুপ্ত, যাঁরা দুজনেই সস্তায় বিদায় নেন।
একপর্যায়ে মাত্র ৭২ রানে ৭ উইকেট হারিয়ে শতক পেরোনো নিয়েই মারাত্মক সংশয় দেখা দিয়েছিল। সেখান থেকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অভিষেক পোড়েল ও প্রদীপ্ত প্রামানিক। লাঞ্চের সময় ৩৪ বলে ঝড়ো ৩৮ রানে পোড়েল এবং ১৭ বলে ১৩ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন প্রদীপ্ত। অষ্টম উইকেটে এই দুজন অবিচ্ছেদ্য ২৯ রান যোগ করায় দলের স্কোর ১০০ পেরিয়ে ১০১ রানে পৌঁছেছে। মহারাষ্ট্রের হয়ে প্রদীপ দাধে ৩টি এবং হাঙ্গরগেকর ২টি উইকেট শিকার করেছেন।