হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ! এয়ারটেল-জিও গ্রাহকদের জন্য বড় চমক মেটার

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) ভারতে তাদের ব্যবহারকারীদের জন্য এক নতুন পরিষেবা নিয়ে আসছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের মাধ্যমেই নিজের বা অন্যের প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে। এর জন্য নেদারল্যান্ডসের একটি সংস্থার পাশাপাশি পেমেন্ট গেটওয়ে PayU-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেটা।

কারা পাবেন এই সুবিধা?
আপাতত এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং জিও (Jio)-র প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। পোস্টপেইড বিল পেমেন্টের বিষয়টি এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে।

কীভাবে রিচার্জ করবেন?
হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের একদম ওপরে একটি ‘₹’ আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে নিজের নম্বর দিয়ে বা কন্টাক্ট লিস্ট থেকে নম্বর বেছে নিয়ে রিচার্জ করা যাবে। সমস্ত টেলিকম অপারেটরের লেটেস্ট প্ল্যানগুলো সেখানেই দেখা যাবে এবং ইউপিআই (UPI)-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।