“হিংসামুক্ত ভোট হবেই”—কমিশনের কড়া বার্তার মুখে পালটা অডিও-ভিডিও প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের!

জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল রাজধানী। ৯১ লক্ষ রাজ্যবাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এবং নির্বাচনী আধিকারিকদের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানাতে গিয়ে সম্মুখ সমরে জড়ালেন তৃণমূল সাংসদ ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক শেষে বেরিয়ে এসে ডেরেক ও’ব্রায়েন বিস্ফোরক অভিযোগ করে বলেন, “সাত মিনিটের মাথায় মুখ্য নির্বাচন কমিশনার আমাদের বেরিয়ে যেতে বলেন। একজন মুখ্যমন্ত্রীর পাঠানো ন’টি চিঠির একটিরও জবাব না দিয়ে সাংসদদের সঙ্গে এই আচরণ মানা যায় না।”
অন্যদিকে, কমিশন সূত্রে পালটা দাবি করা হয়েছে, তৃণমূল প্রতিনিধি দলই বৈঠকের পরিবেশ উত্তপ্ত করে তোলে। অভিযোগ, ডেরেক ও’ব্রায়েন খোদ জ্ঞানেশ কুমারের ওপর চিৎকার করেন এবং তাঁকে কথা বন্ধ করতে বলেন। সূত্রের খবর, বৈঠকে কমিশন কড়া ভাষায় জানিয়েছে যে, বাংলায় এবার ‘ভয়মুক্ত, হিংসামুক্ত এবং বুথ জ্যামিংহীন’ নির্বাচন নিশ্চিত করা হবে।
এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূলের দাবি, বৈঠকে এমন কোনো কথা হয়নি। ডেরেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “কমিশন অডিও বা ভিডিও প্রমাণ প্রকাশ করুক। আমরা বিজেপির সঙ্গে নির্বাচনী আধিকারিকদের যোগসাজশের ছ’টি প্রমাণ দিয়েছি। তার ব্যাখ্যা না দিয়ে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।” ভ্যানিশ কুমার বনাম তৃণমূলের এই কাজিয়া এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।