হাসিনা বিহীন বাংলাদেশে হাইভোল্টেজ ভোট! ফল মিলতেই ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশে এক ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে হাইভোল্টেজ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার পতনের পর এই প্রথম ভোট দিতে চলেছেন ওপার বাংলার মানুষ। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লিগ। বিভিন্ন সমীক্ষা বলছে, লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিএনপি। সারা বিশ্বের নজর এখন ঢাকার দিকে, আর ঠিক এই মুহূর্তেই জানা গেল এক চাঞ্চল্যকর খবর—ভোট মিটলেই বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী বিদেশ সচিব এস পল কাপুর।

ভারতীয় বংশোদ্ভূত এই দুঁদে কূটনীতিককে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ সচিব হিসেবে মনোনীত করেছে। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই সফর নিয়ে আলোচনা সেরেছেন। জানা গেছে, আগামী ৬ থেকে ৯ মার্চ ঢাকা সফরে আসতে পারেন পল কাপুর। ডোনাল্ড লু-এর উত্তরসূরি হিসেবে তাঁর এই সফর ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইউনুস সরকারের আমলে আমেরিকার সাথে বাংলাদেশের নতুন বাণিজ্য চুক্তির পর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কে এই এস পল কাপুর? দিল্লিতে জন্ম নেওয়া এই কূটনীতিকের বাবা ভারতীয় এবং মা আমেরিকান। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা কাপুর একজন প্রথিতযশা অধ্যাপকও বটে। বর্তমানে মার্কিন পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করছেন। দক্ষিণ এশিয়ায় চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তিনি বরাবরের কড়া সমর্থক। ফলে নির্বাচনের পর বাংলাদেশের নতুন সরকারের সাথে ট্রাম্প প্রশাসন কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy