অরিজিতের বিরতি নেওয়ার সিদ্ধান্তে পাশে বাবুল-শান! জল্পনা থামিয়ে বড় বার্তা সংগীত মহলের

বলিউডের ‘মেলোডি কিং’ অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় যখন মনমরা অনুরাগীরা, তখন তাঁর এই সাহসী পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানালেন ইন্ডাস্ট্রির সতীর্থরা। অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় হাজারো জল্পনা চলছে, তখন তাঁর মেধা ও বিচক্ষণতার ওপর ভরসা রাখার কথা বললেন সংগীতশিল্পী তথা রাজনীতিক বাবুল সুপ্রিয় এবং জনপ্রিয় গায়ক শান।

সংবাদসংস্থা আইএএনএস (IANS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বলেন, “অরিজিৎ কেবল আমাদের সময়ের অন্যতম সেরা গায়কই নন, ও অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। ও যা করে তার পেছনে নিশ্চয়ই কোনও গভীর ভাবনা থাকে। একজন শিল্পী যখন নিজের কাজকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন, তখন তাঁর ব্যক্তিগত অনুভূতির প্রতিফলনও তাঁর কাজে পড়ে। আমাদের উচিত অপেক্ষা করা এবং ওর সিদ্ধান্তকে সম্মান জানানো।”

অন্যদিকে, অরিজিতের সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেটে চলতে থাকা নানা ‘কনস্পিরেসি থিওরি’ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শান। তিনি বলেন, “দয়া করে সবাই শান্ত থাকুন। অরিজিতের সিদ্ধান্তের পেছনে নিজেদের মতো করে মানে খুঁজবেন না। সময় হলে ও নিজেই সব জানাবে। ততক্ষণ পর্যন্ত এসব আলোচনা বন্ধ রেখে অন্য জরুরি বিষয়ে মন দেওয়া ভালো।” পঙ্কজ ত্রিপাঠী থেকে বাবুল সুপ্রিয়— প্রত্যেকের বক্তব্যেই একটা বিষয় পরিষ্কার, শিল্পীর নিজস্ব পরিসর এবং তাঁর সৃজনশীল সিদ্ধান্তকে সম্মান দেওয়া প্রয়োজন।