হাসপাতাল থেকে দেওয়া ওষুধ খেলেই কাণ্ড! ম্যালেরিয়া নিয়ে বড়সড় বিপত্তি, মৃত ১

ম্যালেরিয়া সারানোর ওষুধ খেয়ে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই একই ওষুধ খেয়ে অন্তত ৫২ জন গ্রামবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ক্লোরোকুইন (Chloroquine) নামের ওই ওষুধ খাওয়ার পরেই এই বিপত্তি দেখা দেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমানার কাছে অবস্থিত গোলাগুপ্পা গ্রামে মোট ৭২ জনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়েছিল। এর পর স্থানীয় গ্রামীণ হাসপাতাল থেকে তাঁদের ম্যালেরিয়া প্রতিরোধের ওষুধ সরবরাহ করা হয়। অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পরেই একের পর এক গ্রামবাসী গুরুতর অসুস্থ বোধ করতে শুরু করেন। তড়িঘড়ি তাঁদের মধ্যে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে অন্ধ্রপ্রদেশের স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
ম্যালেরিয়ার ওই ওষুধ খাওয়ার ফলেই দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী মাধবী যমুনা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বাকি অসুস্থদের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। ম্যালেরিয়ার ওষুধ খেয়েই ওই নাবালিকার মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার জীবাণু দমনে ব্যবহৃত হলেও, এই ওষুধ খাওয়ার পর প্রাথমিক পর্যায়ে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে।
এই ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি অসুস্থদের সুচিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক দীনেশ কুমার জানিয়েছেন, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চলছে। কাকিনাড়া মেডিক্যাল কলেজ থেকে ৯ জন চিকিৎসকের একটি বিশেষ দল ইতিমধ্যে ওই গ্রামে পৌঁছেছে। এছাড়া বিজয়ওয়াড়া, রাজামহেন্দ্রভরম এবং কাকিনাড়া থেকেও আরও তিনটি চিকিৎসকের দল ঘটনাস্থলে যাচ্ছে। আক্রান্ত গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পও চালু করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।