হার মানল রাজ্য সরকার! অনিকেত মাহাতোকে R G Kar-এ পোস্টিং দিতেই হবে, ডিভিশন বেঞ্চেও জয়ী হলেন এই জুনিয়র ডাক্তার

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডা: অনিকেত মাহাতকে সিনিয়র রেসিডেন্ট হিসেবেই বহাল রাখার নির্দেশ ফের বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যের করা আপিল সরাসরি খারিজ করে দিয়েছে। এর ফলে, পোস্টিং বিতর্কে জুনিয়র ডাক্তার ডা: অনিকেত মাহাতোর চূড়ান্ত আইনি জয় হলো।
প্রেক্ষাপট: ডা: অনিকেত মাহাতো তাঁর পছন্দের জায়গায় পোস্টিং না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর মামলাটি প্রথমে ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে। সেই সময় আদালত রাজ্যের স্বাস্থ্য দফতরে পাঠানো এক নির্দেশে জানায়, যত দ্রুত সম্ভব ডা: অনিকেত মাহাতকে আর জি করে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টিং দিতে হবে।
ডিভিশন বেঞ্চের নির্দেশ: রাজ্য সরকার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করে ডিভিশন বেঞ্চে। কিন্তু, বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আপিল খারিজ করে একক বেঞ্চের নির্দেশই বহাল রাখার রায় দেয়। ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এটি স্পষ্ট যে, ডা: অনিকেত মাহাতকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তাঁর পদ বহাল রাখতে হবে।
আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ: উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে প্রথম মামলা দায়েরের সময় আদালত রাজ্যের স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তকে ‘ত্রুটিযুক্ত’ আখ্যা দিয়েছিল। আদালত তখন জানিয়েছিল, সিনিয়র রেসিডেন্ট হিসেবে ডা: অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তটি সঠিক ছিল না। ফলে, স্বাস্থ্য দফতরের সেই সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট।
ডা: অনিকেত মাহাতোর এই আইনি লড়াই জুনিয়র ডাক্তারদের পোস্টিং সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দফতরের এক্তিয়ার নিয়ে এক গুরুত্বপূর্ণ নজির তৈরি করল।