হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরল ভৈরবে! আলমারি, প্রেসার কুকার জিততে ১৩ দলের ডিঙ্গা বাইচ, দেখতে উপচে পড়ল ভিড়

গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ফের জমজমাট আয়োজন করল মুর্শিদাবাদের হরিহরপাড়ার নতুন স্বরুপপুর জন সেবক ক্লাব। ক্লাবের উদ্যোগে ২১তম বার ভৈরব নদীতে অনুষ্ঠিত হলো ১৩ জনের ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। একালের এই বিরল ইভেন্ট দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন।

নৌকা বাইচ হলো বাংলার এক বহু প্রাচীন ও জনপ্রিয় প্রতিযোগিতা। এটি আসলে একদল মাঝি নিয়ে গঠিত দলগুলির মধ্যে নদীতে দ্রুত নৌকা চালনার খেলা। ভৈরব নদীতে জল কমার সুযোগকে কাজে লাগিয়ে এলাকার ১৩টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

ক্লাবের সদস্যরা জানান, “এই এলাকায় ক্রিকেট বা ফুটবল খেলার মাঠের অভাব রয়েছে। এটি নদী কেন্দ্রিক এলাকা হওয়ায় আমরা ভৈরব নদীতে বাইচ প্রতিযোগিতার আয়োজন করি, যাতে এলাকার মানুষজন আনন্দ পান।”

এই জমজমাট প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে ছিল আলমারি ও প্রেসার কুকার। বাইচ প্রতিযোগিতা ঘিরে নদীর ধারে একটি অস্থায়ী মেলারও আয়োজন করা হয়েছিল।

এদিন এই প্রাচীন প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, বহরমপুর সদর হেডকোয়ার্টার ডিএসপি তমাল কুমার বিশ্বাস, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস-সহ এলাকার বহু বিশিষ্টজনেরা।