তুন কমিশনার আসতেই চমক! কেএমসি-তে ৪ শীর্ষ পদে পরিবর্তন, কে পেলেন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব?

কলকাতা পুরনিগমে (KMC) নতুন পুর কমিশনার সুমিত গুপ্ত দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শীর্ষ আধিকারিকদের মধ্যে বড় ধরনের রদবদল ঘটল। সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো—ছুটি বিতর্কে সাসপেন্ড হওয়া শিক্ষা বিভাগের প্রধান কর্তা চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারাকে ফের পুরনো পদে বহাল করা।

গত কয়েক মাস আগে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল এবং ঈদের ছুটি বহাল রাখার একটি নির্দেশিকা ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। সেই বিতর্কের জেরেই কর্তৃপক্ষ সিদ্ধার্থ ধারাকে সাসপেন্ড করে দিয়েছিল। তাঁর জায়গায় লাইসেন্স বিভাগের প্রধান বিজয় বিশ্বাস অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন।

তবে সম্প্রতি চিফ ম্যানেজার (পার্সোনেল)-এর তরফে জারি করা এক নির্দেশিকায় সিদ্ধার্থ ধারাকে পুনরায় শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের পদে ফিরিয়ে আনা হয়েছে। ছুটি বিতর্কের পর তাঁকে ফিরিয়ে আনা নিয়ে পুরনিগমের কোনো কর্তা মন্তব্য করতে না চাইলেও, এটিকে “পরিষেবা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ” বলে অভিহিত করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ রদবদল:

বিজয় বিশ্বাস: শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁকে আবার কার পার্কিং ও লাইসেন্স বিভাগের দেখভালের দায়িত্বে রাখা হলো।

মুকুলরঞ্জন বিশ্বাস: দীর্ঘদিন আগে বিনোদন বিভাগ থেকে সরিয়ে দেওয়া এই কর্তাকে পুরনো পদে ফেরানো হয়নি। তাঁকে নতুন করে অ্যাসেসমেন্ট বিভাগের আরও একটি ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমা সেনগুপ্ত: তাঁকে কর মূল্যায়ন বিভাগের যাদবপুর ইউনিট থেকে সরিয়ে স্থায়ীভাবেই অর্থ ও হিসেব রক্ষণ (Finance and Accounts) বিভাগের দায়িত্ব দেওয়া হলো।

মৃত্যুঞ্জয় বিশ্বাস: তাঁকে অর্থ বিভাগ থেকে তাঁর পুরনো পদ সামাজিক ক্ষেত্রে বিভাগের প্রশাসনিক কর্তা পদে ফিরিয়ে আনা হয়েছে।

ধবল জৈনের পরিবর্তে নতুন পুর কমিশনার হিসেবে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত নিয়োগ হওয়ার পরই এই গুরুত্বপূর্ণ রদবদলগুলি কার্যকর হলো।