হাতে ‘ট্রাম্প গোল্ড কার্ড’! ৮ কোটি টাকা দিলেই আমেরিকায় থাকার সুযোগ, নতুন ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনলেন ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করলেই আমেরিকায় বসবাসের জন্য পাওয়া যাবে ‘গোল্ড কার্ড’ ভিসা। এই নতুন নির্দেশে স্বাক্ষর করে ট্রাম্প বলেন, এর মাধ্যমে দেশের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ আসবে, যা কর কমাতে ও ঋণ পরিশোধ করতে সাহায্য করবে।
গোল্ড কার্ড ও প্ল্যাটিনাম কার্ডের খরচ
ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী, কোনো ব্যক্তি আমেরিকায় বসবাসের জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮.৮ কোটি টাকা) খরচ করলে তিনি ‘ট্রাম্প গোল্ড কার্ড’ পেতে পারেন। অন্যদিকে, পেশাদারদের দ্রুত ভিসা পেতে মার্কিন সংস্থাগুলোকে ২.২০ মিলিয়ন ডলার (প্রায় ১৭.৬২ কোটি টাকা) খরচ করতে হবে।
এছাড়াও, ট্রাম্প ‘ট্রাম্প প্ল্যাটিনাম কার্ড’-এরও ঘোষণা করেছেন, যার জন্য খরচ করতে হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা)। এই কার্ড পেলে একজন অভিবাসী বছরে ২৭০ দিন আমেরিকায় থাকতে পারবেন এবং তাঁকে মার্কিন আয়ের ওপর কোনো কর দিতে হবে না। তবে প্ল্যাটিনাম কার্ড কার্যকর করতে মার্কিন আইনসভার অনুমোদনের প্রয়োজন হবে।
উচ্চশ্রেণির অভিবাসনকে অগ্রাধিকার
মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানান, এই গোল্ড কার্ড ভিসা প্রকল্প মূলত মেধাবী, সফল উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে। তাঁদের উদ্দেশ্য হলো, এই অভিবাসীরা আমেরিকায় নতুন কর্মসংস্থান এবং উদ্যোগের ক্ষেত্র তৈরি করবেন। ট্রাম্প বলেন, এই উদ্যোগের ফলে কোম্পানিগুলো শুধুমাত্র দক্ষ কর্মীদেরই নিয়োগ দেবে, যা তাদের কাজের মান বাড়াতে সাহায্য করবে।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন ভিসার জন্য আবেদনকারীকে একটি অ-ফেরতযোগ্য ফি জমা দিতে হবে। এরপর প্রয়োজনীয় নথি জমা দিলেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। ট্রাম্প প্রশাসন উচ্চশ্রেণির নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার দিতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।