কোর্টে হার ডায়মন্ড হারবারের, গতবারের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! কেন এই জটিলতা?

গত মরসুমের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2024) চ্যাম্পিয়ন হিসেবে অবশেষে ইস্টবেঙ্গলকে ঘোষণা করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। আদালতের নির্দেশের পর এই ঘোষণা এল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য আলিপুর জেলা আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ করে দিলে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পথে আর কোনো বাধা থাকে না।
শনিবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিশ্চিত করেন যে, গত মরসুমের লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং রানার্স ডায়মন্ড হারবার এফসি (DHFC)। মহালয়ার ঠিক আগেই এই সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। সোমবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ড্র করতে পারলেই ইস্টবেঙ্গল চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগও জিতে নেবে।
কেন এই আইনি জটিলতা?
গত বছর কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামায়নি ডায়মন্ড হারবার এফসি। ফলে নিয়ম অনুযায়ী, ওয়াকওভার পেয়ে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয় ডায়মন্ড হারবার এফসি। নিম্ন আদালতের রায় প্রথমে তাদের পক্ষে গেলেও, কলকাতা হাইকোর্টে তারা জয় পেল না।
আইএফএ সচিব জানান, এই আইনি জটিলতার কারণে অনেকেই ভুল ধারণা পোষণ করছিলেন যে আইএফএ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করতে চাইছে না। তিনি আদালতের রায়কে সাধুবাদ জানান এবং বলেন, “মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ইস্টবেঙ্গলকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করব আর ডায়মন্ড হারবারকে রানার্স ঘোষণা করব।”
দুর্গাপূজার আগে জোড়া ট্রফি আসার সম্ভাবনা তৈরি হওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের উৎসবের আমেজ এখন থেকেই শুরু হয়ে গেছে।